সাফ নারী অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত ছন্দে ফাইনালে উঠেছে বাংলাদেশ। এবার শিরোপা জয়ের পথে শেষ বাধা শক্তিশালী ভারত। রাউন্ড রবিন লিগে ভারতকে হারানোর স্মৃতি সামনে রেখে শনিবার (৭ ফেব্রুয়ারি) আবারও একই কীর্তি গড়তে চান কোচ পিটার বাটলার ও তার শিষ্যরা।

পোখারা রঙ্গশালা স্টেডিয়ামে বুধবার (৪ ফেব্রুয়ারি) আলপি আক্তারের হ্যাটট্রিকে নেপালকে ৪-০ গোলে উড়িয়ে দেয় বাংলাদেশ। টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে রাউন্ড রবিন লিগের শীর্ষে থেকেই ফাইনাল নিশ্চিত করে লাল-সবুজের দল। ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে ফাইনালে ওঠে ভারত। আগামী শনিবার এই দুই দলের মধ্যেই নির্ধারিত হবে শিরোপার ভাগ্য।

নেপালের বিপক্ষে ম্যাচ শেষে বাংলাদেশ কোচ পিটার বাটলার বলেন,

‘নেপালের বিপক্ষে খেললে সবসময়ই আমাদের লড়াই করতে হয়। তারা সত্যিকারের যোদ্ধা। সমান প্রচেষ্টা ও কমিটমেন্ট নিয়ে খেলতে হয়। মেয়েরা সেটা খুব ভালোভাবেই করেছে, বিশেষ করে প্রথম ১৫-২০ মিনিটে। পরে আমাদের গতি কিছুটা কমেছিল।’

এই ম্যাচে সাতটি পরিবর্তন এনে একাদশ সাজান ইংলিশ কোচ। এ বিষয়ে বাটলারের ব্যাখ্যা,

‘আমি কয়েকজনকে বিশ্রাম দিতে চেয়েছিলাম। কারণ, আমি বিশ্বাস করি—আপনি ততটাই শক্তিশালী দল, যতটা আপনার বেঞ্চ শক্তিশালী। মৌমিতা ছিল অসাধারণ, সুরভি রানীও সত্যিই ভালো করেছে। আজকের ম্যাচ থেকে আমাদের জন্য অনেক ইতিবাচক দিক ও শেখার বিষয় আছে।’

রাউন্ড রবিন পর্বে ভারতকে ২-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। সেই জয়ের পুনরাবৃত্তিই চান বাটলার,

‘আমরা তাদের একবার হারিয়েছি, এখন আবারও হারাতে হবে। আমরা সবসময় যেভাবে খেলি, সেভাবেই খেলবো। যদি ফাইনালের আগে এই মাঠে অনুশীলনের সুযোগ দেওয়া হয়, তাহলে সেটার সর্বোচ্চ ব্যবহার করবো।’

দলের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করে বাটলার আরও বলেন,

‘এখানে আমরা যা অর্জন করছি, সবই আমাদের জন্য বোনাস। মেয়েরা দুর্দান্ত খেলছে। তাদের নিবেদন ও মনোযোগে আমি সত্যিই খুশি। তবে ভারতের বিপক্ষে ম্যাচ কঠিন হবে। তাদের দলে কিছু ভালো খেলোয়াড় আছে। তারা লম্বা, শারীরিকভাবে শক্তিশালী—তাই এটি সহজ ম্যাচ নয়। তবুও আশা করি, আমরা কাজটা শেষ করতে পারবো।’

Previous articleশুকতারা যুব সংসদের গোল উৎসব, চট্টগ্রাম আবাহনীর হার; বিসিএলে জমজমাট লড়াই
Next articleবাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে জয় পেয়েছে সিটি ক্লাব ও খেলাঘর 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here