সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে দাপুটে পারফরম্যান্সে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ যুব দলকে আনুষ্ঠানিক সংবর্ধনা ও আর্থিক পুরস্কার দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে ভবিষ্যতের আরও সাফল্যের প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা, আর অধিনায়ক জানালেন তাদের বিশেষ একটি স্বপ্নের কথাও।

আজ জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি সাফজয়ী ফুটবলারদের অভিনন্দন জানান এবং তাদের এই অর্জনকে দেশের ফুটবলের জন্য বড় অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেন।
ফাইনালে ভারতকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ দলের প্রতিটি খেলোয়াড়কে ১ লাখ টাকা করে আর্থিক পুরস্কার দেওয়া হয়। পাশাপাশি তাদের হাতে তুলে দেওয়া হয় বিশেষ ক্রীড়া কার্ড ও সম্মাননা ক্রেস্ট।

পুরস্কার গ্রহণের পর অধিনায়ক মিঠু চৌধুরী দলের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করেন। তিনি বলেন,

“নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম কোনো ফুটবল দল হিসেবে এই শিরোপা জেতা তাদের জন্য গর্বের। একই সঙ্গে দলের সব খেলোয়াড়ের একটি বড় ইচ্ছার কথাও তুলে ধরেন তিনি—এই ট্রফিটি সরাসরি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া এবং তার সঙ্গে সাক্ষাৎ করে এই অর্জনের আনন্দ ভাগ করে নেওয়া।”

এ সময় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়ালের প্রতিও কৃতজ্ঞতা জানান অধিনায়ক। তার ভাষায়, “

বর্তমান ফেডারেশন খেলোয়াড়দের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করছে। এমনকি জাতীয় দলের মতো অনূর্ধ্ব-২০ দলকেও উন্নতমানের আবাসনের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, যা খেলোয়াড়দের পারফরম্যান্সে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করেন তিনি।”

মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত এবারের আসরে শুরু থেকে শেষ পর্যন্ত অপরাজিত থেকেই শিরোপা জেতে বাংলাদেশ। এই সাফল্য দেশের ফুটবলে নতুন সম্ভাবনার বার্তা দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Previous articleজাতীয় ক্রীড়া দিবসে সাফজয়ী যুবাদের সংবর্ধনা
Next articleসান মারিনোর বিপক্ষে খেলবে বাংলাদেশ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here