সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত নৈপুণ্যে অপরাজিত থেকেই শিরোপা জিতেছে বাংলাদেশ। মালদ্বীপে অনুষ্ঠিত ফাইনালে টাইব্রেকারে জয়ের পরপরই দলকে অভিনন্দন জানিয়ে আর্থিক পুরস্কারের ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
পুরো টুর্নামেন্টজুড়ে ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়ে ফাইনালে ওঠা বাংলাদেশ শেষ পর্যন্ত শিরোপাও নিশ্চিত করে নাটকীয় টাইব্রেকারে জিতে। এই জয়ে দেশের ফুটবলে নতুন আশার সঞ্চার হয়েছে।
জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক, যিনি বর্তমানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্বে আছেন, দায়িত্ব নেওয়ার দেড় মাসের মধ্যেই এমন একটি বড় সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন। দলের এই কৃতিত্বে উচ্ছ্বসিত হয়ে তিনি তাৎক্ষণিকভাবে আর্থিক পুরস্কার ঘোষণা করেন, যদিও পুরস্কারের নির্দিষ্ট অঙ্ক উল্লেখ করেননি।
কক্সবাজারে জাতীয় সার্ফিং প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকা অবস্থায় অনলাইনে ফাইনাল ম্যাচটি উপভোগ করেন প্রতিমন্ত্রী। সেখান থেকেই তিনি দলের জন্য অভিনন্দন ও পুরস্কারের ঘোষণা দেন।
বাংলাদেশের এই শিরোপা জয় দেশের বয়সভিত্তিক ফুটবলে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিবে সেটা বলাই যায়।




