এএফসি নারী অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ শুরুর ঠিক আগে দারুণ ছন্দে বাংলাদেশ। দুটি প্রস্তুতি ম্যাচে একটিতে ড্র ও একটিতে জয় তুলে নিয়ে আত্মবিশ্বাস নিয়েই মূল আসরে নামতে যাচ্ছে লাল-সবুজের মেয়েরা।

থাইল্যান্ডে অনুষ্ঠিত প্রস্তুতি ম্যাচে প্রথমে ভারতের বিপক্ষে ১-১ গোলে ড্র করে বাংলাদেশ। সেই ম্যাচে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের পর সমতায় সন্তুষ্ট থাকতে হয় দলকে।

তবে দ্বিতীয় ম্যাচে দারুণ পারফরম্যান্স দেখিয়ে জর্ডানকে ২-০ গোলে হারায় বাংলাদেশ। ম্যাচটিতে গোল করেন মামুনি চাকমা ও সুরভী আকন্দ প্রীতি। এই জয় দলের আত্মবিশ্বাস বাড়াতে বড় ভূমিকা রাখবে বলেই মনে করা হচ্ছে।

আগামী ১ এপ্রিল থাইল্যান্ডে শুরু হবে অনূর্ধ্ব-২০ বয়সভিত্তিক মেয়েদের এশিয়ান কাপ। বাংলাদেশের গ্রুপে রয়েছে স্বাগতিক থাইল্যান্ড, শক্তিশালী চীন ও ভিয়েতনাম।

টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই কঠিন পরীক্ষায় পড়তে হবে বাংলাদেশকে। স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের অভিযান। এরপর ৪ এপ্রিল চীনের মুখোমুখি হবে দলটি। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ৭ এপ্রিল ভিয়েতনামের বিপক্ষে খেলবে আফঈদারা।

এই আসরের সঙ্গে জড়িয়ে আছে বড় স্বপ্নও। এখান থেকে চারটি দল জায়গা করে নেবে ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে, যা শুরু হবে আগামী ৫ সেপ্টেম্বর। অর্থাৎ সেমিফাইনাল নিশ্চিত করতে পারলেই বিশ্বমঞ্চে খেলার সুযোগ পাবে বাংলাদেশ।

Previous articleসিঙ্গাপুরে বাংলাদেশের শেষ লড়াই, লক্ষ্য জয় দিয়ে বাছাই শেষ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here