প্রথমবার এশিয়ার সর্বোচ্চ মঞ্চে খেলতে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। ১–২১ মার্চ অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য নারী এশিয়া কাপকে সামনে রেখে দেশ ছাড়ার আগের দিন ঢাকায় অস্ট্রেলিয়ান হাই কমিশনের আমন্ত্রণে এক উষ্ণ সংবর্ধনায় অংশ নেন ঋতুপর্ণা-আফিদারা।

১–২১ মার্চ অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে নারী এশিয়া কাপ ফুটবল। এই টুর্নামেন্টের মধ্য দিয়ে ইতিহাসে প্রথমবারের মতো এশিয়ার শীর্ষ পর্যায়ের আসরে খেলতে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। টুর্নামেন্টে অংশ নিতে ঋতুপর্ণারা আজ মধ্যরাতে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হবেন।

অস্ট্রেলিয়ায় যাত্রার আগে গতকাল বিকেলে ঢাকায় অস্ট্রেলিয়ান হাই কমিশনে আমন্ত্রণ জানানো হয় বাংলাদেশ নারী দলকে। সেখানে বাংলাদেশ দলের এশিয়া কাপ যাত্রার জন্য শুভকামনা জানায় অস্ট্রেলিয়ান হাই কমিশন।

এএফসি মহিলা এশিয়া কাপ উপলক্ষে অঙ্কিত একটি কেক কাটেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল, দলের অধিনায়ক আফিদা খন্দকার এবং ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ান ডেপুটি হাই কমিশনার।


হাই কমিশনে এক ঘণ্টারও বেশি সময় আনন্দঘন পরিবেশে কাটান খেলোয়াড়রা। কেউ রিকশার ছবির সামনে পোজ দেন, কেউ আবার ছোটখাটো ফুটবল কসরত দেখান। পুরো আয়োজনেই ছিল বন্ধুত্বপূর্ণ ও অনানুষ্ঠানিক আবহ।

এ সময় অস্ট্রেলিয়ান ডেপুটি হাই কমিশনার সুশানের নাম লেখা বাংলাদেশ নারী দলের একটি জার্সি তাঁর হাতে তুলে দেন বাফুফে সভাপতি। পাশাপাশি বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরি হ্যাপী ফেডারেশনের পক্ষ থেকে অস্ট্রেলিয়ান হাই কমিশনকে সৌজন্যস্বরূপ একটি ফুটবল উপহার দেন।


উল্লেখ্য, বাংলাদেশ ক্রিকেট দল নিয়মিত অস্ট্রেলিয়া সফর করে এবং সেই উপলক্ষেও প্রায়ই বাংলাদেশ দলকে শুভকামনা জানায় অস্ট্রেলিয়ান হাই কমিশন।

এদিকে নারী এশিয়া কাপকে সামনে রেখে বাংলাদেশ নারী ফুটবল দল আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করেছে ১৪ ফেব্রুয়ারি থেকে। কোচ পিটার বাটলারের অধীনে চলমান অনুশীলন সেশনে এতদিন মিডিয়ার প্রবেশাধিকার ছিল না। তবে দেশ ছাড়ার আগে আজ ভোর ৬ টায় শেষ অনুশীলন সেশনটি মিডিয়ার জন্য উন্মুক্ত রাখা হয়েছে। একই দিন দুপুর দুইটায় এশিয়া কাপ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বাফুফে।

Previous articleদুই মাস পর ঢাকায় ফিরলেন জাতীয় দলের কোচ ক্যাবরেরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here