সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জয়ের পর বাংলাদেশ যুব ফুটবল দলকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দিতে যাচ্ছে সরকার। জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে সোমবার জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে থাকছে আর্থিক পুরস্কার ঘোষণার আভাসও।

লাল গালিচা বিছানোর প্রস্তুতি চলছে জাতীয় ক্রীড়া পরিষদে। সোমবার সকাল ১১টায় এনএসসি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে সাফজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের সংবর্ধনা অনুষ্ঠান। এতে সরকারের শীর্ষ কর্মকর্তা, ফুটবল প্রশাসক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থাকবেন।

এর আগে শনিবার দেশে ফেরার পর শিরোপাজয়ীদের উষ্ণ অভ্যর্থনা জানায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দলটিকে স্বাগত জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। পরে তার সঙ্গে খোলা বাসে করে ফুটবলাররা যান হাতিরঝিল এম্ফিথিয়েটারে, যেখানে কয়েকশ’ সমর্থকের উপস্থিতিতে উদযাপিত হয় এই সাফল্য।

উৎসবমুখর সেই পরিবেশেই সামনে আসে আর্থিক পুরস্কারের প্রসঙ্গ। সমর্থকদের পক্ষ থেকে বোনাসের দাবি উঠলে প্রতিমন্ত্রী জানান, জাতীয় ক্রীড়া দিবসের অনুষ্ঠানেই সরকারের পক্ষ থেকে খেলোয়াড়দের পুরস্কৃত করা হবে।তিনি বলেন,

‘আগামী ৬ তারিখ বিশ্ব ক্রীড়া দিবস উপলক্ষে একটি কর্মসূচি আছে। আমি সভাপতি জনাব তাবিথ আউয়ালকে বলেছি, আমরা সেদিনই জাতীয় বীরদের পুরস্কৃত করব ইনশাআল্লাহ। এখনই কোনো অঙ্ক বলছি না, তবে ভালো কিছু ফুটবলারদের জন্য অপেক্ষা করছে।’

সব মিলিয়ে সোমবারের অনুষ্ঠানকে ঘিরে তৈরি হয়েছে বাড়তি প্রত্যাশা, যেখানে সংবর্ধনার পাশাপাশি আর্থিক পুরস্কারের ঘোষণাও নজর কাড়বে।

Previous articleচ্যাম্পিয়নদের আলোকময় সংবর্ধনা, পুরস্কারের অপেক্ষায় যুব দল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here