জাতীয় নির্বাচন ও গণভোটকে সামনে রেখে যখন পুরো দেশ নির্বাচনমুখী, ঠিক সেই সময়ই নিজেদের নির্বাচনের দিন ঘোষণা করেছে দেশের অন্যতম ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব। আগামী ৯ মার্চ ঢাকা ক্লাবে অনুষ্ঠিত হবে ক্লাবের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও পরিচালনা পর্ষদের নির্বাচন।

নির্বাচন উপলক্ষ্যে পাঁচ সদস্যের একটি নির্বাচন কমিশন গঠন করেছে মোহামেডান। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন ক্লাবের স্থায়ী সদস্য ও বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। কমিশনের অন্য সদস্যরা হলেন বাফুফে ও সাফের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল, ব্যারিস্টার মো. ইসমাইল হোসেন, লে কর্নেল (অব.) আব্দুল হামিদ সরদার এবং সিনিয়র ক্রীড়া সাংবাদিক খন্দকার মঞ্জুরুল ইসলাম দিলু।

নির্বাচন কমিশন ইতোমধ্যে একটি সভা করলেও এখন পর্যন্ত আনুষ্ঠানিক নির্বাচনী তফসিল প্রকাশ করা হয়নি। আগামীকাল জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর নতুন সরকার গঠন এবং সামনে রমজান মাস। জাতীয় ও নাগরিক জীবনের এমন ব্যস্ত সময়ের মধ্যেও ক্লাবকে সচল ও সাংগঠনিকভাবে গতিশীল রাখার লক্ষ্যে নির্বাচনের উদ্যোগ নিয়েছেন মোহামেডানের নীতিনির্ধারকরা।

উল্লেখ্য, ২০১১ সালে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত হয়। গঠনতন্ত্র অনুযায়ী প্রতি দুই বছর পরপর পরিচালনা পর্ষদের নির্বাচন হওয়ার কথা থাকলেও সেই ধারাবাহিকতা দীর্ঘদিন ধরে বজায় থাকেনি। ২০১৩ সালের মেয়াদোত্তীর্ণ কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০২১ সালে। এরপর নির্বাচিত কমিটির মেয়াদ শেষ হয়েছে প্রায় তিন বছর আগে। দীর্ঘ প্রক্রিয়া ও আনুষ্ঠানিকতার পর অবশেষে আবারও নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হলো।

Previous articleইউএই ক্লাবে নতুন অধ্যায় শুরু জায়ান আহমেদের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here