নারী ফুটবল লিগের শিরোপা এখন একেবারে রাজশাহী স্টারস এফসির হাতের নাগালে। ১৩ ফেব্রুয়ারি নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ সেনাবাহিনীর বিপক্ষে ড্র করলেই প্রথমবারের মতো লিগ চ্যাম্পিয়ন হবে ঋতুপর্ণা চাকমাদের দল। সেক্ষেত্রে ১০ ম্যাচে তাদের পয়েন্ট হবে ২৮, যা অন্য কোনো দলের পক্ষে ছোঁয়া সম্ভব নয়।
১৩ দিনের বিরতি শেষে আজ ফের মাঠে গড়িয়েছে নারী ফুটবল লিগ। বিরতি কাটিয়ে মাঠে নেমে দাপুটে জয় পেয়েছে শিরোপা দৌড়ে থাকা দুই দলই—বাংলাদেশ সেনাবাহিনী ও রাজশাহী স্টারস।
দিনের দ্বিতীয় ম্যাচে রাজশাহী স্টারস ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে সদ্যপুষ্করণী ফুটবল ক্লাবকে। সাফ অনূর্ধ্ব–১৯ টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড় আলপি আক্তার জাতীয় দলের ব্যস্ততা শেষে ফিরেই ক্লাবের জার্সিতে হ্যাটট্রিক করেছেন। তবে জোড়া গোল করে ম্যাচ সেরা হয়েছেন অধিনায়ক ঋতুপর্ণা চাকমা। প্রীতি ও মুনকি একটি করে গোল করেন, আর একটি গোল আসে আত্মঘাতী থেকে।

এর আগে দিনের প্রথম ম্যাচে গোলবন্যা বইয়ে দেয় বাংলাদেশ সেনাবাহিনী। গত আসরের চ্যাম্পিয়ন নাসরিন স্পোর্টস একাডেমিকে তারা হারায় ১৮-০ ব্যবধানে। একাই ৯ গোল করে ম্যাচের নায়ক হয়ে ওঠেন সুলতানা। বৃষ্টি করেন হ্যাটট্রিক, উন্নতি ও তনিমা জোড়া গোল করেন, আর একবার লক্ষ্যভেদ করেন হালিমা।
এই জয়ে ৯ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে সেনাবাহিনী। শেষ ম্যাচে রাজশাহী স্টারসকে হারাতে পারলে দুই দলের পয়েন্ট হবে সমান ২৭। তখন শিরোপা নির্ধারণে গড়াবে প্লে-অফ। অন্যদিকে ফরাশগঞ্জ নিজেদের আজকের ও শেষ রাউন্ডের ম্যাচ জিতলে তাদেরও পয়েন্ট দাঁড়াবে ২৭-এ। সে ক্ষেত্রে তিন দলের মধ্যে পুনরায় শিরোপার লড়াই জমে উঠবে।




