‘বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ ২০২৫–২৬’-এ দারুণ এক জয় তুলে নিয়েছে চট্টগ্রাম সিটি ফুটবল ক্লাব। উত্তেজনাপূর্ণ ম্যাচে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবকে ৩–১ গোলে পরাজিত করে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করে তারা।
ম্যাচের দ্বিতীয়ার্ধে জমে ওঠে মূল লড়াই। ৬২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ঢাকা ওয়ান্ডারার্সকে এগিয়ে দেন মোহাম্মদ ইমন। তবে সেই লিড বেশি সময় ধরে রাখতে পারেনি ঢাকার দল।
৬৫ মিনিটে মোহাম্মদ রফিকুল ইসলাম সুমন সমতাসূচক গোল করে ম্যাচে ফেরান চট্টগ্রাম সিটিকে। এরপর ৭২ মিনিটে মোহাম্মদ রাসেল হোসেনের গোলে লিড নেয় চট্টগ্রামের দল। ম্যাচের শেষ দিকে, ৮৭ মিনিটে মোহাম্মদ আমিরুজ্জামান সায়মনের গোল জয় নিশ্চিত করে চট্টগ্রাম সিটি এফসির।
ম্যাচে আরও নাটকীয়তা যোগ হয় যখন ঢাকা ওয়ান্ডারার্সের মোহাম্মদ সোহেল রানাকে দুইটি হলুদ কার্ড দেখিয়ে লাল কার্ড দেওয়া হয়, ফলে দশজনের দলে পরিণত হয় তারা।শেষ পর্যন্ত হারের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবকে।




