তিন বছর অপেক্ষার পর চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে জয়ের স্বাদ পেল আবাহনী লিমিটেড। শুরুতে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাব-কে ২-১ গোলে হারিয়েছে আকাশি-নীল জার্সিধারীরা।
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শুক্রবার ম্যাচের শুরুটা ছিল মোহামেডানের জন্য স্বপ্নের মতো। তৃতীয় মিনিটেই কর্নার থেকে সরাসরি গোল করে দলকে এগিয়ে নেন মোজাফ্ফর মোজাফ্ফরভ—যা ছিল এক দুর্দান্ত ‘অলিম্পিক গোল’।
তবে এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি সাদাকালো শিবির। ১৭তম মিনিটে এমেকা ওগবাহর পাস পেয়ে ডিফেন্ডারকে কাটিয়ে নিখুঁত শটে সমতা ফেরান মিরাজুল ইসলাম।

দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় আবাহনী। একের পর এক আক্রমণে চাপে পড়ে মোহামেডানের রক্ষণ। শেষ পর্যন্ত ৬৬তম মিনিটে সেই চাপ ফল দেয়। এমেকার পাস থেকে বল নিয়ন্ত্রণে নিয়ে ঘুরে দাঁড়িয়ে নিখুঁত শটে জয়সূচক গোল করেন সুলেমানে দিয়াবাতে। সাবেক ক্লাবের বিপক্ষে গোল হলেও তার উদযাপন ছিল সংযত।
এই জয়ে ১২ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে আছে আবাহনী। অন্যদিকে ১১ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে নেমে গেছে মোহামেডান। এক ম্যাচ কম খেলে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বসুন্ধরা কিংস।




