সিনিয়র পর্যায়ের এশিয়া কাপ খেলে দেশে ফেরার পর বিরতির সুযোগ খুব একটা পাচ্ছেন না বাংলাদেশের নারী ফুটবলাররা। এবার নতুন চ্যালেঞ্জ অনূর্ধ্ব-২০ এশিয়া কাপ। প্রথমবারের মতো এই টুর্নামেন্টে অংশ নিতে আগামী শনিবার থাইল্যান্ডের ব্যাংককের উদ্দেশে রওনা হবে বাংলাদেশ দল।
আগামী ১ এপ্রিল থেকে থাইল্যান্ডে শুরু হচ্ছে ১২ দল নিয়ে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপ। টুর্নামেন্টের প্রায় ১০ দিন আগেই ব্যাংককে পৌঁছাবে বাংলাদেশ দল, যাতে প্রস্তুতি ভালোভাবে নেওয়া যায়। সেখানে ২৫ ও ২৭ মার্চ জর্ডান ও ভারতের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সূচি রয়েছে।
টুর্নামেন্টে বাংলাদেশ পড়েছে ‘এ’ গ্রুপে। স্বাগতিক থাইল্যান্ডের পাশাপাশি এই গ্রুপে রয়েছে শক্তিশালী চীন ও ভিয়েতনাম। অন্যদিকে জর্ডান ‘বি’ গ্রুপে এবং ভারত ‘সি’ গ্রুপে খেলবে।
তিনটি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপের সঙ্গে সেরা দুই তৃতীয়স্থানের দল কোয়ার্টার ফাইনালে উঠবে। সেখান থেকে সেমিফাইনালে ওঠা চার দল নিশ্চিত করবে ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে খেলার টিকিট।
এদিকে সিনিয়র নারী এশিয়া কাপে হতাশাজনক বিদায়ের পর কোচ পিটার বাটলারকে নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল। উজবেকিস্তানের কাছে বড় ব্যবধানে হারের পর তিনি দেশে ফিরে ভবিষ্যৎ নিয়ে ভাবার ইঙ্গিত দিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত ইংল্যান্ডে না ফিরে ঢাকাতেই থেকে গেছেন এই ব্রিটিশ কোচ।
চুক্তি অনুযায়ী এখন তিনি অনূর্ধ্ব-২০ দলের দায়িত্বেই মনোযোগ দিচ্ছেন। সামনে বড় টুর্নামেন্ট থাকায় দলের প্রস্তুতি নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন বাটলার ও তার দল।




