আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে ভিয়েতনামের বিপক্ষে শুরুতেই ধাক্কা খেয়ে বড় ব্যবধানে হারের শঙ্কায় পড়ে বাংলাদেশ। প্রথমার্ধে তিন গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে যায় লাল-সবুজের প্রতিনিধিরা। তবে বিরতির পর রক্ষণ শক্ত করে আর গোল না খেয়ে শেষ পর্যন্ত ৩-০ ব্যবধানেই হার মেনে নেয় দল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্বাগতিক ভিয়েতনাম। ৮ মিনিটেই সেট পিস থেকে এগিয়ে যায় তারা। সতীর্থের পাস পেয়ে তুয়ান হাই জালে বল জড়িয়ে দলকে এগিয়ে দেন।

এরপর ১৭ মিনিটে বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ দারুণ এক সেভ করে ব্যবধান বাড়তে দেননি। এনগুয়েন হোয়াংয়ের জোরালো ভলি ঠেকিয়ে দেন তিনি। কিন্তু এক মিনিট পরই আরেকটি সেট পিস থেকে গোল হজম করতে হয় বাংলাদেশকে। দো দুই মাহনের শটে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ভিয়েতনাম।

প্রথমার্ধের শেষদিকে আবারও রক্ষণভাগের দুর্বলতা কাজে লাগায় স্বাগতিকরা। ৩৮ মিনিটে এনগুয়েইন হাই লং বক্সে ঢুকে দুই ডিফেন্ডারকে কাটিয়ে নিচু শটে তৃতীয় গোলটি করেন।

বিরতির পর কৌশল বদলায় বাংলাদেশ। ৫-৩-২-১ ফরমেশনে নেমে রক্ষণে জোর দেয় দলটি। ফলে দ্বিতীয়ার্ধে আর গোল করতে পারেনি ভিয়েতনাম।

এই ম্যাচে হামজা চৌধুরীসহ পাঁচজন প্রবাসী ফুটবলারকে নিয়ে একাদশ সাজায় বাংলাদেশ। হামজা ছাড়াও শমিত সোম, জায়ান আহমেদ, তারিক কাজী ও ফাহমিদুল ইসলাম শুরু থেকেই মাঠে ছিলেন। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে তারা লড়াই করলেও প্রথমার্ধের তিন গোলের ধাক্কা কাটিয়ে ওঠা সম্ভব হয়নি।

Previous articleস্বাধীনতা দিবসের প্রীতি ম্যাচে প্রধানমন্ত্রীর উপস্থিতি, ক্রীড়াঙ্গনে নতুন ভাবনার বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here