এশিয়ান কাপ শুরুর আগে সময় খুব বেশি নেই। তাই অস্ট্রেলিয়ায় শেষ মুহূর্তের প্রস্তুতিতে পুরো মনোযোগ পিটার জেমস বাটলার–এর। বুধবার অস্ট্রেলিয়ার ‘এ’ লিগের দল ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্স–এর বিপক্ষে প্রীতি ম্যাচকে নিছক প্রস্তুতির বাইরে গিয়ে খেলোয়াড় বাছাই ও কৌশলগত পরীক্ষার মঞ্চ হিসেবেই দেখছেন বাংলাদেশ কোচ।

অস্ট্রেলিয়ায় ১ মার্চ শুরু হচ্ছে এশিয়ান কাপ। ৩ মার্চ চীন–এর বিপক্ষে ম্যাচ দিয়ে ‘বি’ গ্রুপে যাত্রা শুরু করবে বাংলাদেশ। একই গ্রুপে আছে উত্তর কোরিয়া ও উজবেকিস্তান।

সিডনির ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে মঙ্গলবার টানা চতুর্থ দিনের অনুশীলন শেষ করেছে দল। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পাঠানো ভিডিও বার্তায় বাটলার জানিয়েছেন, অনুশীলনে মেয়েদের মনোভাব ও পরিশ্রমে তিনি সন্তুষ্ট।

“মেয়েরা খুব ভালো কাজ করেছে। তাদের প্রচেষ্টায় কোনো ঘাটতি দেখছি না। তারা সৎভাবে কঠোর পরিশ্রম করছে। অনুশীলনের পরিবেশও দারুণ, মাঠগুলো অসাধারণ,” বলেন বাটলার।

তবে প্রীতি ম্যাচে ফল নয়, মূল্যায়নই মূল লক্ষ্য বলে জানালেন তিনি।

“আমি চাই মেয়েরা ম্যাচটিকে অনুশীলন ম্যাচ হিসেবেই নিক। এটি তরুণ ও অভিজ্ঞ—সব খেলোয়াড়ের জন্য নিজের পজিশনের জায়গা আদায়ের বড় সুযোগ।”

২৬ জনের দল নিয়ে অস্ট্রেলিয়ায় গেছেন এই ইংলিশ কোচ। আক্রমণাত্মক ফুটবলের ওপর জোর দিলেও এখনও সেরা একাদশ চূড়ান্ত করেননি তিনি। ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্সের বিপক্ষে ম্যাচের দুই অর্ধেই সবাইকে দেখার পরিকল্পনা তার।

“৩-৪-৩, ৩-৫-২ বা ৪-৪-২—কোন ফরমেশনে খেলব, সেটা পরিস্থিতির ওপর নির্ভর করছে। আমি কী করতে চাই, সেটা জানি। তবে ম্যাচের দুই ৪৫ মিনিটে সেটি মাঠে দেখতে চাই,” বলেন বাটলার।

খেলোয়াড়দের ওপর চাপ ভাগ করে দেওয়ার কথাও জানান তিনি।

“গেমের লোড ভাগ করে দেব, পজিশন ও প্রাপ্যতার ভিত্তিতে সুযোগ দেব। অন্য বিকল্পগুলোও দেখতে হবে, পজিশন নিয়েও কাজ করতে হবে।”

সব মিলিয়ে, প্রীতি ম্যাচেই এশিয়ান কাপের আগে বাংলাদেশের শেষ বড় পরীক্ষা নিতে প্রস্তুত কোচ।

Previous articleনির্বাচনের প্রস্তুতি মোহামেডানে, অর্থসংকটে অনিয়মিত অনুশীলন ফুটবলারদের
Next articleবাফুফের হাতে আসছে তিন স্টেডিয়াম, চুক্তির মাধ্যমে হস্তান্তরের সিদ্ধান্ত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here