দীর্ঘ চার বছরের যাত্রা শেষে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে হাভিয়ের ক্যাবরেরার অধ্যায়ের ইতি টানতে যাচ্ছে বাফুফে। বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন কোচ খোঁজার সিদ্ধান্ত নেওয়ায় স্প্যানিশ এই কোচের ভবিষ্যৎ কার্যত নির্ধারিত হয়ে গেছে।

আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বাফুফের সঙ্গে চুক্তি রয়েছে হাভিয়ের ক্যাবরেরার। তবে তার অধীনে বাংলাদেশের শেষ ম্যাচ হয়ে গেছে গত ৩১ মার্চ, সিঙ্গাপুরের বিপক্ষে।

ক্যাবরেরার সঙ্গে নতুন করে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আজ জাতীয় দল কমিটির সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। একই সঙ্গে ১ মে থেকে নতুন প্রধান কোচ নিয়োগের জন্য সাক্ষাৎকার প্রক্রিয়া শুরু করার কথাও জানানো হয়েছে। চাইলে সেই প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন কাবরেরাও।

বাফুফে ভবনে সাংবাদিকদের এ বিষয়ে বাফুফে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু বলেন,

“আজ থেকেই আমরা কোচ দেখা শুরু করে দিয়েছি।”

সিঙ্গাপুর সফর শেষে দলের সঙ্গে ঢাকায় ফিরলেও গত শুক্রবার নিজ দেশ স্পেনে ফিরে গেছেন ক্যাবরেরা। চুক্তির মেয়াদ শেষ হওয়া পর্যন্ত তিনি ছুটিতেই থাকবেন।
২০২২ সালে বাংলাদেশের কোচ হিসেবে দায়িত্ব নেন কাবরেরা। শুরুর দিকে কিছুটা আশা জাগালেও সময়ের সঙ্গে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি তিনি। ২০২৩ সালে সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে সেমিফাইনালে তুলে প্রশংসা কুড়ান। কিন্তু এরপর পারফরম্যান্সে অবনতি দেখা যায়।

দলে হামজা চৌধুরী ও শমিত সোমের মতো নতুন মুখ যোগ হলেও কাঙ্ক্ষিত সাফল্য আসেনি। ফলে ধীরে ধীরে সমর্থকদের মধ্যে তার বিদায়ের দাবি জোরালো হয়। গত বছরের নভেম্বরে ভারতের বিপক্ষে ১-০ ব্যবধানে জয় পেলেও সেই অসন্তোষ পুরোপুরি কাটেনি।

পরিসংখ্যানও ক্যাবরেরার সময়টাকে খুব একটা উজ্জ্বল করে না। তার অধীনে ৩৯ ম্যাচে বাংলাদেশ জিতেছে ১০টি, ড্র করেছে ১০টি এবং হেরেছে ১৯টি ম্যাচে।
এখন নতুন কোচের হাত ধরেই আবারও ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় বাংলাদেশ ফুটবল।

Previous articleসাফজয়ী যুব দলকে বরণে শোভাযাত্রা, হাতিরঝিলে সংবর্ধনা আজ
Next articleচীনের কাছে হার, তবুও আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশের মেয়েরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here