বাংলাদেশ ফুটবলের অবকাঠামো উন্নয়নের পথে বড় একটি অগ্রগতি হলো। এতদিন কেবল মাঠ ব্যবহারের অনুমতি থাকলেও এবার গ্যালারি ও আবাসনসহ পুরো স্টেডিয়াম ব্যবস্থাপনার দায়িত্ব পাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) চুক্তির মাধ্যমে দেশের তিনটি গুরুত্বপূর্ণ স্টেডিয়াম বাফুফের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে।
মঙ্গলবার এনএসসির সভাকক্ষে বাফুফে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। হস্তান্তরের তালিকায় রয়েছে রাজধানীর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়াম, সিলেট জেলা স্টেডিয়াম এবং চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম।
বৈঠক শেষে প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, “ফিফার অনুদানসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য নির্দিষ্ট ভেন্যু বরাদ্দ চেয়েছিল বাফুফে। আলোচনার পর সিদ্ধান্ত হয়েছে, আনুষ্ঠানিক চুক্তির মাধ্যমে তিনটি স্টেডিয়াম ফুটবল ফেডারেশনের কাছে হস্তান্তর করা হবে।”
দুপুর সাড়ে ১২টায় শুরু হওয়া এই বৈঠকে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল-এর সঙ্গে সহ-সভাপতি ফাহাদ করিম, নাসের শাহরিয়ার জাহেদিসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাফুফের পক্ষ থেকে বৈঠকে ফুটবলের জন্য নির্দিষ্ট ও স্থায়ী ভেন্যুর দাবি জোরালোভাবে তুলে ধরা হয়। এ বিষয়ে প্রতিমন্ত্রী জানান, আলোচনার মূল লক্ষ্য ছিল দেশের ফুটবলের ভবিষ্যৎ এবং বর্তমান অগ্রগতিকে
আরও গতিশীল করার পথ খোঁজা।
বৈঠককে ইতিবাচক হিসেবে উল্লেখ করে সহ-সভাপতি ফাহাদ করিম বলেন, “এই আলোচনার পর তিনি ব্যক্তিগতভাবে অনুপ্রাণিত। তাঁর বিশ্বাস, বর্তমান নেতৃত্বে এবং রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সমর্থনে চলতি মেয়াদেই বাংলাদেশ একটি সত্যিকারের ফুটবল-বান্ধব স্টেডিয়াম পাব।”




