আজ বাদে কাল শুরু হচ্ছে নারী এশিয়ান কাপ। এশিয়ার সেরা ১২ দলের এই মঞ্চে প্রথমবার খেলতে নামছে বাংলাদেশ। অর্জনটাই যেখানে বড় কথা, সেখানে প্রত্যাশার চাপ কম। তবে ঐতিহাসিক এই অভিষেকে বাংলাদেশের সামনে নতুন এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে প্রযুক্তি—ভিএআর ও ভার্চুয়াল অফসাইড লাইনের সঙ্গে মানিয়ে নেওয়া।
আজ বাদে কাল শুরু হবে নারী এশিয়ান কাপ। এশিয়ার সেরা ১২টি দল লড়বে শিরোপার জন্য। সেই তালিকায় বাংলাদেশ থাকাটাই দেশের নারী ফুটবলের জন্য বড় এক মাইলফলক।
এমন টুর্নামেন্টে প্রথমবার অংশ নেওয়াই যেখানে বড় অর্জন, সেখানে আফঈদা–ঋতুপর্ণাদের ওপর বাড়তি প্রত্যাশার চাপ দিতে চাইছে না দল। চাওয়া একটাই—নিজেদের সেরাটা দেওয়া। কিন্তু সেই চাওয়ার পথে নতুন এক বাস্তবতা হয়ে দাঁড়াতে পারে প্রযুক্তি।
এবারই প্রথম নারী এশিয়ান কাপে ব্যবহার করা হচ্ছে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভিএআর। বাংলাদেশের কোনো ফুটবলারই আগে ভিএআরের ম্যাচ খেলেননি। শুধু ভিএআর নয়, এর সঙ্গে থাকছে ভার্চুয়াল অফসাইড লাইন বা ভিওএল। অফসাইড সিদ্ধান্তে টু-ডি ও থ্রি-ডি ভিজ্যুয়ালাইজেশনের মাধ্যমে এটি আরও নির্ভুল ও স্বচ্ছ সিদ্ধান্ত দিতে সাহায্য করবে। খেলোয়াড়ের শরীরের কোনো অংশ সামান্য এগিয়ে থাকলেও তা স্পষ্টভাবে ধরা পড়বে। চোখের আন্দাজের জায়গায় এখন আসছে একেবারে মাপা সিদ্ধান্ত।
এই বাস্তবতায় প্রশ্ন উঠছে—বাংলাদেশের ফুটবলাররা কতটা দ্রুত মানিয়ে নিতে পারবেন?
কোচ পিটার বাটলার লম্বা সময় ধরে দলকে হাইলাইন ডিফেন্স কৌশলে খেলাচ্ছেন। তবে এশিয়ান কাপে প্রতিপক্ষের মান বিবেচনায় কৌশলে পরিবর্তনের ইঙ্গিত তিনি অস্ট্রেলিয়ায় যাওয়ার আগেই দিয়েছিলেন।
ভিএআরের যুগে হাইলাইন ডিফেন্স এখন আরও জনপ্রিয়। উদ্দেশ্য শুধু গোল বাঁচানো নয়, প্রতিপক্ষকে নিজেদের অর্ধে জায়গা না দেওয়া এবং ফরোয়ার্ডদের অফসাইড ফাঁদে ফেলা। তবে বাংলাদেশের ডিফেন্ডারদের জন্য ভিএআর একদিকে যেমন সেফটি নেট, অন্যদিকে তেমনি বড় ঝুঁকিও। ভিএআর প্রটোকল অনুযায়ী, অফসাইড হলেও খেলা শেষ না হওয়া পর্যন্ত রেফারি বাঁশি বাজান না। এক মুহূর্তের অসতর্কতায়, আর যদি ভিএআর পরীক্ষায় অফসাইড প্রমাণিত না হয়, তবে গোল হজমের মূল্য দিতে হতে পারে।
সিডনি থেকে নারী দলের মিডিয়া ম্যানেজার সাঈদ হাসান জানান, “এএফসির রেফারি এডুকেটর ফুটবলারদের ভিএআর নিয়ে প্রায় এক ঘণ্টার ক্লাস করিয়েছেন। তাঁর ভাষায়, ফুটবলাররা বিষয়টি নিয়ে আত্মবিশ্বাসী।”
এই আত্মবিশ্বাস মাঠে কতটা কাজে আসে, সেটার উত্তর মিলবে ম্যাচ শুরুর পর।




