এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচ সামনে রেখে বাংলাদেশ দল ইতোমধ্যে ভিয়েতনামে পৌঁছে প্রস্তুতি শুরু করেছে। তবে দলের সবচেয়ে বড় নির্ভরতা হামজা চৌধুরীর যোগ দেওয়া নিয়ে শেষ মুহূর্তে এসেছে পরিবর্তন। নির্ধারিত সূচি অনুযায়ী আজ (২২ মার্চ) তার ভিয়েতনামে পৌঁছানোর কথা থাকলেও সেটি পিছিয়ে এখন ২৪ মার্চ বিকেলে নির্ধারণ করা হয়েছে।
গত সপ্তাহে জাতীয় দল কমিটির সভা শেষে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু জানিয়েছিলেন, হামজা ২২ মার্চ ইংল্যান্ড থেকে ভিয়েতনামে পৌঁছাবেন। ফেডারেশন থেকেও একই তথ্য দেওয়া হয়েছিল। এমনকি দেশ ছাড়ার আগে অধিনায়ক জামাল ভূঁইয়াও জানিয়েছিলেন, দুই দিনের মধ্যেই দলের সঙ্গে যোগ দেবেন এই মিডফিল্ডার। সেই অনুযায়ী তার জন্য হোটেলসহ সব ধরনের প্রস্তুতিও সম্পন্ন করেছিল বাফুফে।
তবে সর্বশেষ তথ্য অনুযায়ী পরিকল্পনায় পরিবর্তন এসেছে। গতকাল হামজার ক্লাব লেস্টার সিটি ইংলিশ চ্যাম্পিয়নশিপে ওয়াটফোর্ডের বিপক্ষে ম্যাচ খেলেছে। যদিও ওই ম্যাচে হামজা মাঠে নামেননি, তবুও ক্লাবের পক্ষ থেকে তাকে ফিফা উইন্ডোর সময়েই ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে ২৩ মার্চ তিনি ইংল্যান্ড থেকে টার্কিশ এয়ারলাইন্সে রওনা হবেন। ইস্তাম্বুলে ট্রানজিট শেষে ২৪ মার্চ বিকেলে পৌঁছাবেন ভিয়েতনামের হ্যানয়ে।
ভিয়েতনামে পৌঁছানোর দিন অনুশীলনে অংশ নিতে পারবেন না হামজা। ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে মাত্র একদিনই অনুশীলনের সুযোগ পাবেন তিনি। যদিও আন্তর্জাতিক ফুটবলে ক্লাব থেকে ছুটি পেয়ে স্বল্প সময় অনুশীলন করেই জাতীয় দলে খেলার নজির নতুন কিছু নয়।




