দীর্ঘ চার মাস পর আবারও জাতীয় দলের ক্যাম্পে একত্র হয়েছেন ফুটবলাররা। সামনে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ—ফিফা প্রীতি ম্যাচে ভিয়েতনাম এবং এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুর। ক্যাম্পে যোগ দিয়েই বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া জানালেন, ভিয়েতনামের বিপক্ষে ম্যাচটি কঠিন হলেও সেটিই হবে সিঙ্গাপুর ম্যাচের জন্য গুরুত্বপূর্ণ প্রস্তুতি।
২৬ মার্চ ফিফা প্রীতি ম্যাচে ভিয়েতনামের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ৩১ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে জামাল ভূঁইয়ারা। সোমবার ছিল খেলোয়াড়দের রিপোর্টিং। গুলশানের একটি হোটেলে প্রধান কোচ হাভিয়ের কাবরেরা–র কাছে নিজেদের উপস্থিতির কথা জানান ফুটবলাররা।
সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, চার মাস পর ক্যাম্প শুরু হওয়ায় সবাই বেশ উচ্ছ্বসিত। তবে ভিয়েতনামের বিপক্ষে ম্যাচটি কঠিন হবে বলেই মনে করেন তিনি।জামাল বলেন,
“আমরা চার মাস পর আবার ক্যাম্প করছি, তাই এটা ভালো লাগছে। একটু বেশি সময় গেছে, তাই অবশেষে আমরা আবার একসঙ্গে হয়েছি। আমার মনে হয় ভিয়েতনাম ম্যাচটি সিঙ্গাপুরের ম্যাচের চেয়েও কঠিন হবে। তবে এটা খুব ভালো প্রস্তুতি ম্যাচ হবে। যদি আমরা ভিয়েতনামের বিপক্ষে ভালো খেলতে পারি, তাহলে সিঙ্গাপুরের ম্যাচটা কিছুটা সহজ হবে। সিঙ্গাপুরের বিপক্ষে আমরা তিন পয়েন্ট চাই।”
এই ক্যাম্পে নতুন করে সুযোগ পেয়েছেন গোলরক্ষক ইসহাক আকন্দ। দীর্ঘদিন পর দলে ফিরেছেন ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ। তাদের নিয়ে অধিনায়ক বলেন,
“ইসহাক দলে যোগ দিতে পেরে খুবই রোমাঞ্চিত এবং সম্প্রতি ভালো পারফর্ম করছেন। আর বিশ্বনাথ অনেক দিন পর দলে ফেরায় তিনি খুশি এবং তার কাছ থেকেও ভালো পারফরম্যান্সের আশা করছেন।”

এবারের ক্যাম্পে নতুন দায়িত্বে যোগ দিয়েছেন সাবেক গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা। গোলকিপিং কোচ হিসেবে তার অন্তর্ভুক্তিকে ইতিবাচক হিসেবেই দেখছেন জামাল।
তবে কার্ড সমস্যার কারণে এই স্কোয়াডে নেই দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় রাকিব হোসেন এবং তপু বর্মণ। তাদের অনুপস্থিতি দলকে ভোগাবে বলেই মনে করেন অধিনায়ক।জামাল বলেন,
“আমরা অবশ্যই তাদের মিস করব। তারা দুজনই দলের জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড়। রাকিব অনেক দ্রুতগতির, সম্ভবত দক্ষিণ এশিয়ার—হয়তো এশিয়ারই অন্যতম দ্রুতগতির ফুটবলার। দুর্ভাগ্যজনকভাবে কার্ডের কারণে তারা পরের ম্যাচ খেলতে পারবে না।”




