তৃণমূল পর্যায়ে ফুটবলের প্রসার ও শিশুদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন-এর উদ্যোগে ময়মনসিংহে অনুষ্ঠিত হয়েছে এক আনন্দঘন ফুটবল ফেস্টিভ্যাল।
আজ ২৮ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ময়মনসিংহ জেলার কলসিন্দুর সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই ফুটবল ফেস্টিভ্যালটি অনুষ্ঠিত হয়। এতে ৫ থেকে ১২ বছর বয়সী মোট ১৫০ জন কিশোর-কিশোরী অংশগ্রহণ করে।
ফেস্টিভ্যালের মূল আকর্ষণ ছিল শিশুদের নিয়ে আয়োজিত ফুটবল ম্যাচ ও নানা ধরনের ফান ফুটবল গেম। এসব খেলায় অংশ নিয়ে শিশুরা যেমন আনন্দ পায়, তেমনি মাঠজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। আয়োজনে ভিন্নমাত্রা যোগ করে খেলোয়াড়দের অভিভাবকদের অংশগ্রহণে একটি বিশেষ ফান গেম, যা সবার মাঝে বাড়তি আনন্দ ছড়িয়ে দেয়।

অনুষ্ঠান শেষে ফান গেমে অংশগ্রহণকারী শিশুদের মাঝে ৫০টি ফুটবল বিতরণ করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারী সকল শিশুদের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
ফেস্টিভ্যালে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম দেলোয়ার হোসেন মুকুল, কলসিন্দুর সরকারি স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক জনাব মনজুরুল হক, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র ম্যানেজার (গ্রাসরুটস) জনাব মোঃ হাসান মাহমুদ এবং বাফুফের গ্রাসরুটস কোচবৃন্দ।
এই ধরনের আয়োজন ভবিষ্যতে আরও বেশি শিশু-কিশোরকে ফুটবলের সঙ্গে যুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।




