বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে জয়ের ধারায় এগিয়ে চলেছে ফর্টিস এফসি। মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ২–১ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের সঙ্গে সমান পয়েন্টে উঠে এসেছে দলটি।

এই জয়ের ফলে ১০ ম্যাচ শেষে ফর্টিসের সংগ্রহ দাঁড়িয়েছে ২১ পয়েন্ট। সমান ম্যাচে সমান পয়েন্ট অর্জন করেছে বসুন্ধরা কিংসও। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষস্থান ধরে রেখেছে বসুন্ধরা কিংস, আর ফর্টিস রয়েছে দ্বিতীয় স্থানে। অন্যদিকে ১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ছয় নম্বরে অবস্থান করছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।

দিনের একমাত্র ম্যাচে বল দখলে কিছুটা এগিয়ে ছিল মোহামেডান। ম্যাচের প্রায় ৫৫ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিল সাদা-কালো জার্সিধারীরা। তারা প্রতিপক্ষের গোলবারে মোট ১৬টি শট নেয়, যার চারটি ছিল লক্ষ্যে।

অন্যদিকে বল দখলে পিছিয়ে থাকলেও আক্রমণে ছিল ফর্টিসের ধার। পুরো ম্যাচে তারা মোহামেডানের গোলবারে ২০টি শট নেয়, যার ছয়টি ছিল লক্ষ্যে।

ম্যাচের ২২তম মিনিটে গাম্বিয়ান ফুটবলার এসা জ্যালোর গোলে এগিয়ে যায় ফর্টিস। এরপর প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় তারা।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে মোহামেডান। তবে গোলের দেখা পায়নি তারা। উল্টো ৫২তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ফর্টিসের ব্যবধান দ্বিগুণ করেন এসা জ্যালো।

এর ১২ মিনিট পর পেনাল্টি থেকে একটি গোল শোধ করে মোহামেডান। মোজাফফারভের সেই গোল ব্যবধান কমালেও ম্যাচে ফিরতে পারেনি দলটি। শেষ পর্যন্ত ২–১ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে ফর্টিস।

Previous articleবিনা প্রতিদ্বন্দ্বিতায় মোহামেডান ক্লাবের নতুন কমিটি, সভাপতি বরকতউল্লাহ বুলু

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here