আন্তর্জাতিক ম্যাচ বা টুর্নামেন্টের আগে সাধারণত ম্যাচ ভেন্যুতেই ঘণ্টাখানেক অনুশীলনের সুযোগ পায় দলগুলো। মাঠ আর ঘাসের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য এটিই প্রচলিত রীতি। কিন্তু নারী এশিয়া কাপে সেই সুযোগ পাচ্ছে না বাংলাদেশসহ কোনো দলই। মাঠ সুরক্ষার কথা বিবেচনায় নিয়ে ভিন্ন নীতি নিয়েছে আয়োজক এশিয়ান ফুটবল কনফেডারেশন।

আগামী মঙ্গলবার সিডনির কমনওয়েলথ ব্যাংক স্টেডিয়াম-এ চীন-এর বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। সাধারণ নিয়ম অনুযায়ী ম্যাচের আগেরদিন দুই দলেরই ভেন্যুতে অনুশীলনের কথা থাকলেও, এবারের টুর্নামেন্টে তা বাতিল করেছে এএফসি। পুরো অনুশীলনের বদলে দলগুলোকে দেওয়া হচ্ছে মাত্র ১৫ মিনিটের ‘ওয়াক থ্রু’ বা মাঠে হাঁটার সময়।

দলীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশের জন্য সেই সময়সূচি নির্ধারিত হয়েছে আগামীকাল দুপুর ১টা থেকে সোয়া ১টা পর্যন্ত। তবে কোচ বাটলার এই সূচি কাজে লাগাতে খুব একটা আগ্রহী নন। সকালে অনুশীলন, সংবাদ সম্মেলন আর মধ্যাহ্নভোজ শেষে আবার স্টেডিয়ামে যাওয়ার বদলে বিশ্রামেই মনোযোগ দিতে চান তিনি।

বাংলাদেশ দল বর্তমানে সিডনির জুবলি স্টেডিয়াম-এ অনুশীলন করছে। আগামীকালও সকাল ৯টা থেকে সেখানেই অনুশীলন চলবে। ম্যাচের আগেরদিনের নিয়মিত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে স্থানীয় সময় দুপুর ১২টা থেকে সোয়া ১২টা পর্যন্ত, যেখানে কোচের সঙ্গে উপস্থিত থাকবেন দলের একজন খেলোয়াড়।

ভেন্যুতে অনুশীলনের সুযোগ না পাওয়া নিয়ে খুব একটা চিন্তিত নন মিডফিল্ডার মনিকা চাকমা। তাঁর কথায়, “এখানে কোনো সমস্যা নেই। এই মাঠও ভালো, আর ম্যাচের মাঠও প্রায় একই।”

Previous articleএশিয়ান কাপে বড় চ্যালেঞ্জের সামনে বাংলাদেশ, নিজেদের খেলাতেই মনোযোগ মনিকা চাকমাদের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here