এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচেও জয় ধরা দিল না বাংলাদেশের হাতে। তবে পারফরম্যান্সে হতাশ নন কোচ হাভিয়ের ক্যাবরেরা। সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরে গেলেও পুরো ম্যাচে আধিপত্য ছিল হামজা চৌধুরীদের—ম্যাচ শেষে এমনটাই জানালেন স্প্যানিশ এই কোচ।
:
লড়াই করেও শেষ রক্ষা হলো না। সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। তবে স্কোরলাইন যা-ই বলুক, পারফরম্যান্সে নিজের দলকেই এগিয়ে রাখছেন কোচ হাভিয়ের কাবরেরা।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ক্যাবরেরা বলেন, এই হার মেনে নেওয়া তার জন্য কঠিন। তার ভাষায়,
“আজকের ফলাফল মেনে নেওয়া খুবই কঠিন। পুরো গ্রুপ পর্বে সম্ভবত এটিই ছিল আমাদের সেরা পারফরম্যান্স। আমার মনে হয় আমরা জয় কিংবা অন্তত এক পয়েন্ট পাওয়ার যোগ্য ছিলাম।”
দলের খেলায় সন্তুষ্টি প্রকাশ করে তিনি আরও বলেন,
“আমি খেলোয়াড়দের নিয়ে গর্বিত। পুরো ম্যাচজুড়ে আমাদের আধিপত্য ছিল। পারফরম্যান্সের জন্য আমি দলকে অভিনন্দন জানাই।”
নিজের ভবিষ্যৎ ও দলের অগ্রগতি প্রসঙ্গে ক্যাবরেরা কিছুটা সতর্ক ভঙ্গিতে কথা বলেন। তিনি জানান, সামনে কী হবে তা সময়ই বলে দেবে।
“এখন কী হয় দেখা যাক। এখনও এক মাস সময় আছে। তবে আমার পরামর্শ থাকবে—এই ধারাবাহিকতা বজায় রাখা উচিত। কে দায়িত্বে আছে সেটা বড় কথা নয়, সঠিক সিদ্ধান্ত নেওয়াটাই গুরুত্বপূর্ণ।”
দলের উন্নতির দিক তুলে ধরে এই কোচ বলেন,
“অনেক কিছুই বদলাচ্ছে। আমাদের খেলায় গুণগত মান এখন স্পষ্ট। খেলোয়াড়রা জানে কীভাবে ম্যাচের গতি নিয়ন্ত্রণ করতে হয়। আমরা আগের মতো অযথা উত্তেজিত হয়ে পড়ি না। তবে সিঙ্গাপুরের মতো দলগুলো সুযোগ পেলেই গোল করে—এখানেই আমাদের ঘাটতি।”
তিনি মনে করেন, এই জায়গায় উন্নতি করতে পারলে আগামী কয়েক বছরে ফিফা র্যাঙ্কিংয়ে ২০-৩০ ধাপ এগিয়ে যেতে পারে বাংলাদেশ।
সবশেষে বাস্তবতা মেনে নিয়েও দলের পারফরম্যান্সের প্রশংসা করেন ক্যাবরেরা।
“পুরো গ্রুপ পর্বে আমরা কোনো দলের চেয়ে খারাপ খেলিনি, অনেক ম্যাচেই ভালো খেলেছি। কিন্তু বাস্তবতা হলো, আমরা মাত্র পাঁচ পয়েন্ট নিয়ে শেষ করেছি। আমি বলছি না সিঙ্গাপুর যোগ্য নয়, তবে আজকের ম্যাচে বাংলাদেশই ছিল শ্রেষ্ঠ দল।”




