আরেকটি বাধা পেরোলেই ইতিহাস গড়ার সুযোগ বাংলাদেশের সামনে। সেই বাধার নাম ফাইনাল, আর ফাইনালের প্রতিপক্ষ চিরচেনা ভারত। শনিবার নেপালের পোখারায় ভারতকে হারাতে পারলেই সাফ নারী অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপা এককভাবে নিজেদের করে নেবে বাংলাদেশ।
চার দলের এই টুর্নামেন্টে লিগ পর্বে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশ। তিনটি ম্যাচেই জয় তুলে নিয়ে ফাইনাল নিশ্চিত করেছে পিটার বাটলারের শিষ্যরা। ফাইনালের পথে লিগ ম্যাচেই ভারতকে ২-০ গোলে হারিয়েছিল আলপি-মুনকি-অর্পিতারা, যা ফাইনালের আগে দলের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে।
বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ ও ভারত যৌথভাবে। ২০২৪ সালের ফাইনালে নির্ধারিত সময়ে ম্যাচ ১-১ গোলে শেষ হওয়ার পর টাইব্রেকারে স্কোর দাঁড়িয়েছিল ১১-১১। তবে সেই আসরের লিগ ম্যাচে শেষ মিনিটে অর্পিতা বিশ্বাসের গোলে ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। এবার সেই অর্পিতাই দলের অধিনায়কের দায়িত্বে।

ফাইনালের আগে বৃহস্পতিবার নেপাল থেকে পাঠানো এক ভিডিওবার্তায় আবারও ভারতকে হারানোর প্রত্যয় ব্যক্ত করেছেন অধিনায়ক অর্পিতা বিশ্বাস। তিনি বলেন,
‘দলের অবস্থা ভালো। কারো কোনো ইনজুরি নেই। সবাই মোটামুটি ফিট আছে। ফাইনালে ফাইট করার মতো মানসিক প্রস্তুতিও আমাদের আছে।’
ভারতের বিপক্ষে আগের জয়ের কথাও আত্মবিশ্বাসের সঙ্গে তুলে ধরেন বাংলাদেশ অধিনায়ক। অর্পিতা বলেন,
‘আমরা ভারতকে একবার হারিয়েছি। আবার তাদের সাথেই ফাইনাল। তাই আমাদের মধ্যে আলাদা একটা শক্তি কাজ করছে। আমরা মানসিকভাবে প্রস্তুত আছি তাদেরকে হারাতে। ট্রফি অবশ্যই বাংলাদেশে যাবে—আমরা মরণপণ চেষ্টা করবো ট্রফিটা দেশে নিয়ে যেতে।’




