শুরুটা খুব একটা স্বস্তির ছিল না, তবে মানসিক দৃঢ়তা আর পরিকল্পনার বাস্তবায়নে শক্তিশালী ভারতকে হারিয়ে তৃপ্ত বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার জেমস বাটলার। সাফ উইমেন’স অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে ২-০ গোলের জয়কে তিনি দেখছেন দলের চরিত্র ও মানসিক শক্তির প্রতিফলন হিসেবে।
পোখারা রঙ্গশালা স্টেডিয়ামে সোমবার অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধেই দুটি গোল করে টানা দ্বিতীয় জয় তুলে নেয় বাংলাদেশ। অপির্তা বিশ্বাসের গোলে লিড নেওয়ার পর আলপি আক্তারের লক্ষ্যভেদে ব্যবধান দ্বিগুণ করে লাল-সবুজের মেয়েরা।
ম্যাচের শুরুতে অবশ্য আক্রমণে এগিয়ে ছিল ভারত। একাধিক সুযোগ তৈরি করলেও গোলপোস্টে ইয়ারজান বেগমের দৃঢ়তায় টিকে থাকে বাংলাদেশ। ২৯তম মিনিটে অপির্তার সুযোগসন্ধানী টোকায় ম্যাচের মোড় ঘুরে যায়। এরপর আলপির গোলে ম্যাচের লাগাম পুরোপুরি নিজেদের মুঠোয় নেয় বাটলারের শিষ্যরা।
ম্যাচ শেষে জয়ের তৃপ্তি প্রকাশ করলেও শুরুতে দলের নড়বড়ে পারফরম্যান্সের কথা অকপটেস্বীকার করেন বাটলার।
“মেয়েরা অসাধারণ মানসিকতা এবং দৃঢ়তা দেখিয়েছে। আমাদের শুরুটা খুব একটা ভালো হয়নি। কিছু ছোটখাটো চোট ছিল, কয়েকজনের ব্যথা ছিল, যেমনটা আমি ধারণা করেছিলাম। কিন্তু আমরা প্রথম দিকের চাপটা কাটিয়ে উঠতে পেরেছি,”বলেন তিনি।
ভারতের শারীরিক শক্তির কথাও তুলে ধরেন ইংলিশ কোচ।
“ভারতের কিছু সত্যিই ভালো খেলোয়াড় আছে। তারা আমাদের চেয়ে লম্বা ও শারীরিকভাবে শক্তিশালী। আমাদের মেয়েরা তুলনামূলকভাবে ছোট গড়নের হলেও মানসিক শক্তি দেখিয়েছে। আমি মনে করি, আমরা জয়ের যোগ্য ছিলাম।”
চোট সমস্যার কারণে ম্যাচে একাধিক পরিবর্তন আনতে হয় বাটলারকে। প্রথমার্ধের শেষ দিকে মামনি চাকমা ও ক্রানুচিং মারমাকে তুলে নেন তিনি। দ্বিতীয়ার্ধে সুরভি আকন্দ প্রীতি, জয়নব বিবি রিতা ও তৃষ্ণা রানীকেও বিশ্রাম দেন। বদলি হিসেবে মাঠে নামেন প্রতিমা মুন্দা, শান্তি মার্দি, বন্যা খাতুন, মৌমিতা খাতুন ও মিরা খাতুন।
“এটা কৌশলগত সিদ্ধান্তের চেয়ে বেশি ছিল চোট ব্যবস্থাপনার বিষয়। কয়েকজন ম্যাচের আগেই সমস্যায় ছিল। কাউকে অপ্রয়োজনে ঝুঁকিতে ফেলতে চাইনি,” ব্যাখ্যা করেন বাটলার।
রক্ষণ ও আক্রমণে সমান অবদান রাখার ওপর নিজের কঠোর অবস্থানের কথাও জানান তিনি।
“যদি কেউ আমার হয়ে খেলতে চায়, তাহলে তাকে রক্ষণ ও আক্রমণ—দুটোতেই কাজ করতে হবে। যারা সেটা পারবে না, আমি তাদের নিয়ে এগোব না। সবাইকে কঠোর পরিশ্রম করতেই হবে।”
রাউন্ড রবিন লিগে নিজেদের তৃতীয় ম্যাচে বুধবার স্বাগতিক নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।




