চার বছরের বেশি সময় ধরে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দায়িত্বে আছেন হাভিয়ের কাবরেরা। এত দীর্ঘ সময় কোনো বিদেশি কোচের থাকার নজির খুব একটা নেই। তবে সময় যত গড়িয়েছে, ততই সমালোচনার মুখে পড়তে হয়েছে এই স্প্যানিশ কোচকে। দল নির্বাচন থেকে শুরু করে খেলার কৌশল—সবকিছু নিয়েই প্রশ্ন তুলছেন সমর্থকরা। এরই মধ্যে সামনে এসেছে তার চুক্তির শেষ সময়।

৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দিয়েই শেষ হবে প্রধান কোচ হাভিয়ের কাবরেরা–র বর্তমান চুক্তি। নতুন করে চুক্তি নবায়ন হবে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু জানায়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তবে দলের দায়িত্বে আরও সময় থাকতে আগ্রহের কথা জানিয়েছেন এই স্প্যানিশ কোচ।

সিঙ্গাপুর ম্যাচ সামনে রেখে রোববার থেকে শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। গুলশানের টিম হোটেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে কাবরেরা বলেন,

“অবশ্যই (চুক্তি বৃদ্ধির বিষয়ে আগ্রহ আছে)। আমি ফেডারেশনের কথা শুনতে চাই এবং তারাও নিশ্চয়ই আমার সঙ্গে কথা বলতে চায়। তার ওপর ভিত্তি করেই আমরা সিদ্ধান্ত নেব।”

চুক্তির শেষ ম্যাচ সামনে থাকলেও বাড়তি চাপ অনুভব করছেন না বলে জানান তিনি। কাবরেরার ভাষায়,

“সত্যি বলতে না, কোনো চাপ নেই। আমি মনে করি না কোনো সিদ্ধান্ত শুধু একটি ম্যাচের ওপর ভিত্তি করে হবে। আমি এখানে অনেক দিন ধরে আছি এবং সভাপতি জানেন আমি দলকে কী দিতে পারি। সিঙ্গাপুর ম্যাচের পর সম্ভবত ম্যানেজমেন্টের সঙ্গে চূড়ান্ত আলোচনা হবে এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”

বাংলাদেশ ফুটবলে বর্তমানে প্রবাসী ফুটবলারদের উপস্থিতি বেড়েছে। ইংল্যান্ডে খেলা মিডফিল্ডার হামজা চৌধুরী ইতোমধ্যে জাতীয় দলে নিয়মিত খেলছেন। কানাডা প্রবাসী শমিত সোম–ও যোগ দিয়েছেন দলে, যা বাড়িয়েছে শক্তি।

তবে এই মানের ফুটবলারদের নিয়ে দলকে কতটা সফলভাবে পরিচালনা করতে পারবেন কাবরেরা, তা নিয়ে সমর্থকদের মধ্যে প্রশ্ন রয়েছে। শেষ পর্যন্ত কোচের ভবিষ্যৎ কী হবে, সেটি স্পষ্ট হতে পারে সিঙ্গাপুর ম্যাচের পরই।

Previous articleঅবসর শেষে নতুন ভূমিকায় রানা, হলেন জাতীয় দলের গোলরক্ষক কোচ
Next articleভিয়েতনাম ম্যাচ কঠিন, সিঙ্গাপুরের বিপক্ষে চাই তিন পয়েন্ট: জামাল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here