সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জয়ের পর দেশে ফিরছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল দল। তাদের বরণ করে নিতে রাজধানীতে আয়োজন করা হয়েছে শোভাযাত্রা ও সংবর্ধনা অনুষ্ঠানের।
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শিরোপা জয়ের গৌরব নিয়ে দেশে ফিরছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল দল। এই ঐতিহাসিক সাফল্য উদযাপনে দলটিকে বরণ করে নিতে বিশেষ আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
সংস্থাটির মিডিয়া বিভাগের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছাদ খোলা বাসে চ্যাম্পিয়ন দলকে নিয়ে একটি শোভাযাত্রা বের করা হবে। শোভাযাত্রাটি বিমানবন্দর থেকে শুরু হয়ে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটার গিয়ে শেষ হবে।
সেখানে আনুমানিক রাত ৭টা ৩০ মিনিটে সাফজয়ী দলকে আনুষ্ঠানিক সংবর্ধনা প্রদান করা হবে।
দেশের ফুটবলে এই অর্জন উদযাপনের অংশ হিসেবে সমর্থক ও সাধারণ জনগণকে শোভাযাত্রা ও সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।




