এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচ সামনে রেখে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে চলছে নানা হিসাব–নিকাশ। ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের দিনই শেষ হচ্ছে প্রধান কোচ হাভিয়ের ক্যাবরেরার চুক্তির মেয়াদ। এই ম্যাচের পরই স্পষ্ট হবে, বাফুফের সঙ্গে কাবরেরার পথচলা চলবে নাকি আলাদা হচ্ছে দুপক্ষ।

এশিয়ান কাপ বাছাইয়ে আগামী ৩১ মার্চ সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। ওই দিনই শেষ হচ্ছে প্রধান কোচ হাভিয়ের ক্যাবরেরার বর্তমান চুক্তির মেয়াদ। নতুন করে চুক্তি নবায়ন হবে কি না, সে সিদ্ধান্ত আসবে সিঙ্গাপুর ম্যাচের পর।

গতকাল নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন ক্যাবরেরা। তিনি জানান, বাফুফে সভাপতি তাবিথ আউয়াল–এর সঙ্গে এখনো একটি গুরুত্বপূর্ণ আলোচনা বাকি আছে।
কাবরেরা বলেন,

“সভাপতির সঙ্গে আমার একটি আলোচনা বাকি আছে। গত সাড়ে চার বছরে কী কী হয়েছে, সেগুলো নিয়ে আমরা কথা বলব। আমি বিশ্বাস করি, আমরা একটি সমঝোতায় পৌঁছাতে পারব। তবে সিঙ্গাপুর ম্যাচের পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”

সিঙ্গাপুর ম্যাচের আগে প্রস্তুতির অংশ হিসেবে ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। তার আগে ১৫ মার্চ থেকে শুরু হবে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প।

এই ক্যাম্পে মিডফিল্ডার হামজা চৌধুরীকে পাওয়া যাবে কি না, তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। গত মাসে ইংলিশ ক্লাব লেস্টার সিটির হয়ে খেলতে গিয়ে হাঁটুতে ব্যথা পান তিনি। বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন।
তবে হামজাকে দুই ম্যাচেই পাওয়ার ব্যাপারে আশাবাদী ক্যাবরেরা। কোচের ভাষায়,

“আমরা হামজার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। লেস্টার সিটির চিকিৎসকদের সঙ্গেও কথা হচ্ছে। আমরা ইতিবাচক। আশা করছি, তার রিকভারি ভালোভাবেই হবে।”

Previous articleঅস্ট্রেলিয়ায় পা রেখেই মাঠে নামল বাংলাদেশ নারী দল, শুরু প্রস্তুতি
Next articleসিডনির গরমে মানিয়ে নেওয়ার লড়াই বাংলাদেশ নারী ফুটবল দলের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here