এশিয়ান কাপ সামনে রেখে ঢাকায় সীমিত অনুশীলনের পর এখন অস্ট্রেলিয়ায় পুরোপুরি ম্যাচ মুডে বাংলাদেশ নারী ফুটবল দল। জাপান, কোরিয়া ও ভিয়েতনামে প্রস্তুতি ক্যাম্পের পরিকল্পনা বাস্তবায়ন না হলেও সিডনিতে এসে অনুশীলনের পরিবেশে স্বস্তি পাচ্ছেন আফঈদা-ঋতুপর্ণারা। বিশেষ করে প্রথমবার জাতীয় দলে ডাক পাওয়া আলপি আক্তারের কাছে এই সফর একেবারেই নতুন অভিজ্ঞতা।
এশিয়ান কাপের আগে ঢাকায় স্বল্পমাত্রার অনুশীলন করেছিলেন আফঈদা, রুপনা ও মনিকারা। এরপর সরাসরি অস্ট্রেলিয়ায় গিয়ে প্রস্তুতি শুরু করে দলটি। বর্তমানে সিডনি-তে ভালোই কাটছে সময় মেয়েদের।
সিডনির ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে হালকা অনুশীলনের মধ্য দিয়ে ক্যাম্প শুরু হয়। টানা চতুর্থ দিনের মতো গা গরমে নেমেছেন ঋতুপর্ণা চাকমারা। অনুশীলন মাঠের পাশেই বাংলাদেশ দলের হোটেল হওয়ায় যাতায়াতের ঝামেলা নেই। বিষয়টি বেশ ইতিবাচক হিসেবেই দেখছেন প্রথমবার দলে সুযোগ পাওয়া আলপি আক্তার।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পাঠানো ভিডিও বার্তায় আলপি বলেন,
“এখানে অনেক গরম। আমাদের বাংলাদেশে এত গরম এখনও পড়ে নাই। পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। হোটেল, মাঠ, জিম সব এক জায়গায়। বাসে করে মাঠে যেতে হচ্ছে না, এটা ভালো লাগছে।”
সর্বশেষ নারী ফুটবল লিগে চ্যাম্পিয়ন দলের হয়ে ১০ ম্যাচে ৩০ গোল করেন আলপি। সাফ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টেও ছিলেন সফল, সর্বোচ্চ সাত গোল করে। এই পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই জাতীয় দলে ডাক পেয়েছেন এই ফরোয়ার্ড।
জাতীয় দলের সঙ্গে প্রথমবার ভ্রমণ ও অনুশীলনের সুযোগ পেয়ে খুশি আলপি বলেন,
“আলহামদুলিল্লাহ, অনেক দিনের ইচ্ছা ছিল জাতীয় দলের সঙ্গে অনুশীলন করা এবং খেলা। আপুদের সঙ্গে প্র্যাকটিস করে অনেক কিছু শিখছি। অনুশীলনটা খুব ভালো হচ্ছে।”
সিডনির অনুশীলন ক্যাম্প শেষে ২৭ ফেব্রুয়ারি এএফসি নির্ধারিত হোটেলে উঠবে বাংলাদেশ দল। নারী এশিয়ান কাপ-এ প্রথম ম্যাচে ৩ মার্চ বাংলাদেশের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন চিন এরপর সিডনিতেই ৬ মার্চ উত্তর কোরিয়ার বিপক্ষে খেলবে দল। ৯ মার্চ শেষ গ্রুপ ম্যাচে পার্থ-এ উজবেকিস্তানের মুখোমুখি হবে।




