অস্ট্রেলিয়ার সিডনিতে নারী এশিয়ান কাপের আগে প্রস্তুতি জোরদার করছে বাংলাদেশ নারী ফুটবল দল। ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে দ্বিতীয় দিনের অনুশীলনে নিজেদের মধ্যে ম্যাচ খেলেছেন আফঈদা-ঋতুপর্ণারা। নতুন দলে মানিয়ে নেওয়ার চেষ্টায় ব্যস্ত সুইডেন প্রবাসী মিডফিল্ডার আনিকা রানিয়া সিদ্দিকী, যিনি প্রথমবার লাল-সবুজের জার্সিতে বড় মঞ্চে নামার অপেক্ষায়।
অস্ট্রেলিয়ায় আগামী ১ মার্চ থেকে শুরু হচ্ছে নারী এশিয়ান কাপ। গ্রুপ পর্বে বাংলাদেশের অভিযান শুরু হবে ৩ মার্চ চীনর বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ৬ মার্চ উত্তর কোরিয়া এবং ৯ মার্চ উজবেকিস্তানর মুখোমুখি হবে দল।
এ মাসের শুরুতে ঢাকায় শুরু হওয়া ক্যাম্প থেকেই প্রাথমিক দলে ছিলেন আনিকা। সুইডেনের ক্লাব ব্রোমপোজকর্নের অনূর্ধ্ব-১৯ দলে খেলার পর গত মাসে সুইডিশ কাপ দিয়ে ক্লাবটির সিনিয়র দলে অভিষেক হয় ২১ বছর বয়সী এই মিডফিল্ডারের। তাকে নিয়েই অস্ট্রেলিয়া সফরে এসেছেন বাংলাদেশ দলের কোচ পিটার জেমস বাটলার।

ঢাকায় ক্যাম্প চলাকালীন অধিনায়ক আফঈদার রুমমেট ছিলেন আনিকা। অস্ট্রেলিয়াতেও সেই সঙ্গীতা বজায় আছে। দ্বিতীয় দিনের অনুশীলন শেষে আনিকা জানান, দলের সঙ্গে বোঝাপড়া দিনে দিনে ভালো হচ্ছে। তবে সিডনির প্রায় ২৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তাকে একটু ভোগাচ্ছে।
“আজ আমাদের অনুশীলনের দ্বিতীয় দিন। এখানে বেশ গরম, তবে আমরা মানিয়ে নিচ্ছি এবং প্রতিদিন উন্নতি হচ্ছে। আমি আবারও আফঈদার সাথেই থাকছি। সিডনিতে আমরা ভালো সময় কাটাচ্ছি। সবচেয়ে ভালো লাগছে, দলের সবার মধ্যে বন্ডিং আরও শক্ত হচ্ছে,” বলেন তিনি।
আবহাওয়া প্রসঙ্গে যোগ করেন, “সত্যি বলতে, গরমটা আমার জন্য একটু কষ্টকর। এখানকার আবহাওয়ার সাথে এখনও মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। বাংলাদেশের চেয়েও এখানে বেশি গরম মনে হচ্ছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।”




