প্রবাসী সমর্থকদের গলা ফাটানো সমর্থন, মাঠে লড়াইও ছিল সমানতালে। তবু গোলের দেখা না পাওয়া আর শেষদিকে মিরাজুল ইসলামের শট বারে লেগে ফেরায় হতাশাই সঙ্গী হলো বাংলাদেশের—শেষ ম্যাচে ১-০ গোলে হারতে হলো সিঙ্গাপুরের কাছে।
এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে নিজেদের শেষ ম্যাচে সিঙ্গাপুরের জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার মুখোমুখি হয়েছিল দুই দল। ম্যাচের একমাত্র গোলেই ১-০ ব্যবধানে জয় তুলে নেয় স্বাগতিকরা।
একাদশে দুটি পরিবর্তন এনে দল সাজান কোচ হাভিয়ের কাবরেরা। ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচে খেলা মেহেদী হাসান শ্রাবণের জায়গায় পোস্টে ফেরেন নিয়মিত গোলরক্ষক মিতুল মারমা। আক্রমণভাগে মিরাজুল ইসলামের বদলে শুরু করেন শেখ মোরসালিন। আগের ম্যাচের মতো এবারও একাদশে জায়গা হয়নি জামাল ভূঁইয়ার।
শুরু থেকেই আক্রমণ-প্রতিআক্রমণে জমে ওঠে ম্যাচ। সপ্তম মিনিটে ফাহামিদুলের ক্রস ক্লিয়ার করেন হারিস স্টুয়ার্ট। ১৫ মিনিটে সাদউদ্দিনের ক্রসে শমিতের হেড লক্ষ্যভ্রষ্ট হয়।
২০ মিনিটে ইকসান ফান্দির জোরাল শট ঠেকান মিতুল। এরপর রিহান স্টুয়ার্টের বিপজ্জনক ক্রসও সামাল দেন তিনি। ২৪ মিনিটে সোহেল রানার দূরপাল্লার শট ক্রসবারের ওপর দিয়ে যায়।
৩১তম মিনিটে ম্যাচের একমাত্র গোলটি পায় সিঙ্গাপুর। গ্লেইন কিউইর শট প্রথমে ঠেকালেও বল পুরোপুরি সরাতে পারেননি মিতুল। ফিরতি বলে ইকসান ফান্দির পাস থেকে নিখুঁত শটে গোল করেন হ্যারিস।

৩৯তম মিনিটে সমতায় ফেরার বড় সুযোগ পায় বাংলাদেশ। মোরসালিনের শট ব্লক হওয়ার পর বল পান ফয়সাল আহমেদ ফাহিম, তবে শট নেওয়ার আগেই বাধার মুখে পড়েন তিনি। পেনাল্টির আবেদনেও সাড়া মেলেনি। এরপর হামজার ফ্রি-কিক থেকে সুযোগ তৈরি হলেও কাজে লাগানো যায়নি।
দ্বিতীয়ার্ধে সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। শেষদিকে বদলি হিসেবে নামা মিরাজুল ইসলাম দারুণ এক শট নেন, কিন্তু তা বারে লেগে ফিরে এলে হতাশায় ডুবে যায় দল।
‘সি’ গ্রুপের শীর্ষে থেকে আগেই মূল পর্ব নিশ্চিত করা সিঙ্গাপুর প্রথম লেগেও বাংলাদেশকে ২-১ গোলে হারিয়েছিল। অন্যদিকে পাঁচ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে আগেই ছিটকে পড়া বাংলাদেশের জন্য এই হারেই শেষ হলো বাছাইপর্বের যাত্রা।




