লেস্টার সিটির হয়ে খেলতে গিয়ে চোটে পড়েছেন হামজা চৌধুরী। আপাতত বিশ্রামে আছেন তিনি। ফলে মার্চে এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে তার খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। তবে বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গে ব্যক্তিগত যোগাযোগের পর কিছুটা হলেও স্বস্তির বার্তা মিলেছে শিবিরে।

Leicester City-এর এই মিডফিল্ডারকে নিয়ে উদ্বেগ থাকলেও জামাল জানিয়েছেন, হামজা আশ্বস্ত করেছেন যে সময়ের আগেই তিনি সুস্থ হয়ে উঠবেন। জামালের কথায়, “হামজা আমাকে বলেছে, সে ফিট হয়ে যাবে ওই সময়ের মধ্যে।”

এদিকে বাংলাদেশ ফুটবল লিগে চলছে বিরতি। কবে মাঠে গড়াবে খেলা, তা এখনও চূড়ান্ত নয়। তবুও ক্লাবগুলো অনুশীলন শুরু করেছে। জামালও ব্যস্ত সময় কাটাচ্ছেন ব্রাদার্স ইউনিয়ন-এর হয়ে। দীর্ঘ বিরতিতে কিছুটা হতাশির কথাও লুকাননি তিনি, “ছুটি ভালো, কিন্তু বেশি ছুটি থাকলে ভালো লাগে না, টু বি অনেস্ট।

মার্চে সিঙ্গাপুর ম্যাচের আগে ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচকে গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসেবে দেখছেন জামাল। তার মতে, “ভিয়েতনাম সিঙ্গাপুরের চেয়ে শক্তিশালী দল। দুই-তিন দিন এখানে অনুশীলন করে আমরা ভিয়েতনাম বা থাইল্যান্ডে ক্যাম্প করতে পারি। এটা ভালো অপশন হবে।”

জাতীয় দলের পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য হেড কোচ হাভিয়ের কাবরেরা-র সঙ্গে বসতে চান জামাল। মঙ্গলবার দীর্ঘ ছুটি শেষে ঢাকায় ফিরেছেন কোচ। জামাল বললেন, ফোনে প্রাথমিক কথা হয়েছে, সামনে সরাসরি বৈঠকও হবে।

এছাড়া বাংলাদেশের সাবেক অধিনায়ক আমিনুল হক ক্রীড়া প্রতিমন্ত্রী হওয়ায় খুশি জামাল। ফুটবলসহ সার্বিক ক্রীড়াঙ্গনে তার কাছ থেকে বাড়তি মনোযোগ আশা করছেন তিনি। জামালের ভাষায়, “উনি অনেক খেলাই দেখবেন। তবে সাবেক ফুটবলার হিসেবে ফুটবলে একটু বাড়তি ফোকাস দিলে আমাদের জন্য ভালো হবে।”

সব মিলিয়ে চোট, প্রস্তুতি আর পরিকল্পনার ভেতর দিয়েই এগোচ্ছে জাতীয় দল। সামনে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ, তার আগে প্রতিটি সিদ্ধান্তই গুরুত্বপূর্ণ।

Previous articleক্রীড়া প্রতিমন্ত্রী হলেন সাবেক ফুটবলার আমিনুল হক
Next articleদুই মাস পর ঢাকায় ফিরলেন জাতীয় দলের কোচ ক্যাবরেরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here