ক্রিকেট অঙ্গনে বাংলাদেশ–ভারত সম্পর্ক যখন তিক্ততার চূড়ায়, ঠিক তখনই ফুটবল মাঠে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর নতুন লড়াই। তবে যুদ্ধক্ষেত্র ঢাকায় বা কলকাতায় নয়—নিরপেক্ষ ভেন্যু নেপালের পোখারা। সাফ নারী অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে সোমবার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত, যেখানে ফলের পাশাপাশি নজর থাকবে শক্তি পরীক্ষার দিকেও।
হিমালয়ের দেশ নেপালে চলমান চার জাতির এই টুর্নামেন্ট শুরু হয়েছে ৩১ জানুয়ারি। প্রথম দিনই দারুণ শুরু পেয়েছে দুই দল। বাংলাদেশ ১২-০ গোলের বিশাল ব্যবধানে ভুটানকে উড়িয়ে দিয়েছে, আর ভারত স্বাগতিক নেপালকে হারিয়েছে ১-০ গোলে।
বর্তমানে বাংলাদেশ ও ভারত এই টুর্নামেন্টের যৌথ চ্যাম্পিয়ন। লিগ পদ্ধতিতে হওয়া প্রতিযোগিতা শেষে শীর্ষ দুই দল খেলবে ফাইনালে। নিজেদের প্রথম ম্যাচ জিতে ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেছে দুই দলই। তাই সোমবার দুপুর ১২টায় হওয়া এই ম্যাচকে ধরা হচ্ছে ফাইনালের আগের ‘রিহার্সাল’ হিসেবেই।
এবারের এই মুখোমুখি লড়াইয়ের গুরুত্ব আরও বেড়েছে সাম্প্রতিক ক্রিকেট বিতর্কের কারণে। ভারতের মাটিতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অটল থাকায় বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার ঘটনায় দুই দেশের সম্পর্ক এখন উত্তপ্ত। সেই টানাপোড়েনের মধ্যেই ফুটবল মাঠে মুখোমুখি হচ্ছেন দুই দেশের নারীরা।
এর আগে ২০২৪ সালে ঢাকায় অনুষ্ঠিত সাফ নারী অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপেও মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও ভারত। গ্রুপ পর্বে সেবার বাংলাদেশের কাছে হেরেছিল ভারত। ফাইনালে নির্ধারিত সময়ে ম্যাচ শেষ হয়েছিল ১-১ গোলে। টাইব্রেকারেও নাটকীয়ভাবে ফল দাঁড়ায় ১১-১১। শেষ পর্যন্ত দুই দলকেই যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করতে বাধ্য হয় সাফ।
এবার পোখারার মঞ্চে সেই অসমাপ্ত হিসাব চুকানোর সুযোগ পাচ্ছে দু’দল। প্রশ্ন একটাই—এইবার ট্রফি যাবে কার হাতে?




