নারী ফুটবল লিগ এখন একেবারে শেষ পর্যায়ে। প্রতিটি দলের হাতে বাকি মাত্র দুই ম্যাচ। আগামীকালের রাউন্ড শেষে ১৩ ফেব্রুয়ারি পর্দা নামার কথা এই মৌসুমের লিগের। এমন সময় লিগ শেষ হওয়ার চার দিন আগেই অংশগ্রহণকারী দলগুলোকে নিয়ে ট্রফি প্রদর্শনী করেছে বাফুফে।

সাধারণত কোনো টুর্নামেন্ট শুরুতেই ট্রফি উন্মোচনের রীতি থাকলেও নারী লিগে সেটি হয়েছে একেবারে শেষ পর্যায়ে এসে। বাফুফে ভবনের সংবাদ সম্মেলন কক্ষ বা মাঠ নয়, বরং রাজধানীর গুলশানের একটি পার্কে আয়োজন করা হয় এই অনুষ্ঠান। জায়গা ও সময়, দুটো দিক থেকেই ছিল ব্যতিক্রম।

জাতীয় দলের সিনিয়র ফুটবলার শিউলি আজিম ক্লাবের জার্সিতে ট্রফি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। লিগ শেষ হওয়ার এত কাছাকাছি সময়ে ট্রফি উন্মোচন প্রসঙ্গে তিনি বলেন, “এটা আসলে আমাদের কাছে অতটা গুরুত্বপূর্ণ নয়। এটা বাফুফে কর্তৃপক্ষের সিদ্ধান্ত, তারা তাদের সুবিধা অনুযায়ী করেছে।”

মাঠের লড়াইয়ে রাজশাহী স্টারস একাডেমি এখন পয়েন্ট টেবিলের শীর্ষে। ১৩ ফেব্রুয়ারি আর্মির বিপক্ষে হারলে দুই দলের পয়েন্ট সমান হতে পারে। সেক্ষেত্রে বাইলজ অনুযায়ী শিরোপা নির্ধারণ হবে প্লে-অফে। তবে রাজশাহী যদি আর্মির বিপক্ষে অন্তত ড্র করতে পারে এবং আগামীকালের ম্যাচও জেতে, তাহলে শিরোপা নিশ্চিত হয়ে যাবে তাদেরই।

নারী লিগের ব্যবস্থাপনায় বাফুফের মার্কেটিং ও ডিজিটাল কমিটির চেয়ারম্যান ও সহ-সভাপতি ফাহাদ করিমকে এবার বেশ সক্রিয় দেখা গেছে। আজকের ট্রফি উন্মোচন অনুষ্ঠানেও তাঁর ভূমিকা ছিল। লিগের সামগ্রিক অবস্থা নিয়ে তিনি বলেন, “চ্যালেঞ্জ ছিল অনেক। কিছু বিষয় আমাদের নিয়ন্ত্রণের বাইরে ছিল, যেমন ফ্লাডলাইটের সমস্যা। আমি শতভাগ সন্তুষ্ট নই, তবে লিগটা শেষ করতে পারছি, সেটাই বড় কথা। আমাদের মূল লক্ষ্য ছিল মেয়েদের গেম টাইম দেওয়া এবং ‘মিশন অস্ট্রেলিয়া’র আগে শীর্ষ খেলোয়াড়দের ম্যাচ প্র্যাকটিসে রাখা।”

এর আগে ২৭ জানুয়ারি সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল টুর্নামেন্টের কারণে নারী লিগ স্থগিত করা হয়েছিল। নেপাল থেকে অনূর্ধ্ব-১৯ দল গতকাল দেশে ফিরেছে। ১২ দিনের বিরতির পর আগামীকাল থেকে আবার শুরু হচ্ছে লিগের খেলা।

নির্বাচনের কারণে পুরুষ ফুটবল লিগ শুরু করতে দেরি করছে ফেডারেশন। তবে আপাতত সূচি অনুযায়ী নারী ফুটবল লিগের ম্যাচগুলো নির্বাচনের পরের দিন, অর্থাৎ ১৩ ফেব্রুয়ারি।

Previous articleভুলের মাশুলে শিরোপা হাতছাড়া, ফাইনালে ভারতের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here