এশিয়ান কাপের মঞ্চে প্রথমবারের মতো খেলতে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। এশিয়ার সেরা ১২ দলের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্ট সামনে রেখে চূড়ান্ত দল ঘোষণা করা হয়েছে। টুর্নামেন্ট শুরুর প্রায় ২০ দিন আগে ঘোষিত স্কোয়াডে নতুন মুখ, অভিজ্ঞ খেলোয়াড় এবং বাড়তি প্রস্তুতির পরিকল্পনার ছাপ রেখেছেন প্রধান কোচ পিটার বাটলার।
সাধারণত ২৩ জনের স্কোয়াড হলেও ইনজুরির ঝুঁকি বিবেচনায় ২৬ জনের দল নিয়ে অস্ট্রেলিয়া যাচ্ছেন বাটলার। এ ছাড়া রাখা হয়েছে চারজন স্ট্যান্ডবাই খেলোয়াড়। চূড়ান্ত দলে সবচেয়ে আলোচিত সংযোজন সুইডেন প্রবাসী আনিকা রানিয়া সিদ্দিকী। প্রথমবারের মতো জাতীয় দলের মূল দলে ডাক পেয়েছেন তিনি।
গত ২৮ জানুয়ারি থেকে ফিটনেস ট্রেনার ক্যামেরুন লর্ডের অধীনে কয়েক দিন অনুশীলন করে আবার সুইডেনে ফিরে যান আনিকা। শিগগিরই তাঁর আবার ঢাকায় ফেরার কথা রয়েছে। মধ্যমাঠের পাশাপাশি দুই উইংয়েও খেলতে পারেন এই ফুটবলার। সুইডেনের ক্লাব ব্রোমপোজকর্নের অনূর্ধ্ব-১৯ দলে খেলেছেন আনিকা। এশিয়ান কাপের স্কোয়াডে তাঁর অন্তর্ভুক্তি বাংলাদেশের শক্তি বাড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আনিকার পাশাপাশি চূড়ান্ত দলে নতুন মুখ আরও দুজন—আলপি আক্তার ও সৌরভী আফরিন। এবারের নারী ফুটবল লিগে রাজশাহী স্টার্সের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন আলপি। আট ম্যাচে চারটি হ্যাটট্রিকসহ করেছেন সর্বোচ্চ ২৫ গোল। সদ্য শেষ হওয়া অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপেও ছিলেন নজরকাড়া। চার ম্যাচে সাত গোল করে হয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতা। এই ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই এশিয়ান কাপের মতো বড় মঞ্চে জাতীয় দলে সুযোগ পেয়েছেন তিনি।
অন্যদিকে সৌরভী আফরিন খেলেছেন সেনাবাহিনীর হয়ে নারী লিগে। অনূর্ধ্ব-১৯ সাফে সবগুলো ম্যাচ খেলেছেন এই তরুণী। পারফরম্যান্সে কোচ বাটলারকে মুগ্ধ করেই জাতীয় দলে জায়গা করে নিয়েছেন তিনি।
সবশেষ ত্রিদেশীয় সিরিজ থেকে বাদ পড়েছেন সিনহা জাহান ও মামনি চাকমা। তাঁদের জায়গায় দলে অন্তর্ভুক্ত হয়েছেন আইরিন খাতুন ও সুরভী আকন্দ। নারী লিগে দুজনই নিয়মিত ভালো পারফরম্যান্স করেছেন। এ ছাড়া জাতীয় দলের নিয়মিত খেলোয়াড়রাও জায়গা ধরে রেখেছেন চূড়ান্ত স্কোয়াডে।
আগামী ১ মার্চ অস্ট্রেলিয়ার তিন শহরে শুরু হবে নারী এশিয়ান কাপ। গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তান। আগামী ১৫ বা ১৬ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের। সিডনির ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে হবে দলের অনুশীলন ক্যাম্প। প্রস্তুতির অংশ হিসেবে ২৬ ফেব্রুয়ারি স্থানীয় ক্লাব ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্সের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে।
চূড়ান্ত দল
গোলরক্ষক:
রুপনা চাকমা, মিলি আক্তার, স্বর্ণা রানী।
রক্ষণ:
আফঈদা খন্দকার, কোহাতি কিসকু, নবীরন খাতুন, শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, হালিমা খাতুন, সৌরভী আফরিন।
মধ্যমাঠ:
স্বপ্না রানী, মুনকি আক্তার, আইরিন খাতুন, শাহেদা আক্তার, উমেহলা মারমা, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, মারিয়া মান্দা, আনিকা রানিয়া, উন্নতি খাতুন।
আক্রমণ:
আলপি আক্তার, সুরভী আকন্দ, মোসাম্মত সুলতানা, তহুরা খাতুন, মোসাম্মত সাগরিকা, শামসুন্নাহার জুনিয়র।
স্ট্যান্ডবাই:
অর্পিতা বিশ্বাস, সিনহা জাহান, শান্তি মার্ডি, তনিমা বিশ্বাস।



