বাংলাদেশ জাতীয় ফুটবল দলের আমেরিকান প্রবাসী ডিফেন্ডার জায়ান আহমেদ সংযুক্ত আরব আমিরাতের থার্ড ডিভিশন লিগের ক্লাব রিমাল আল সাহরা এসসিতে যোগ দিয়েছেন। মঙ্গলবার ইউএই এফএ কাপের ম্যাচ দিয়ে নতুন ক্লাবে অভিষেকও হয়ে গেছে এই লেফটব্যাকের।

২০২৫ সালে প্রতিষ্ঠিত রিমাল আল সাহরা অল্প সময়ের মধ্যেই ইউএই ফুটবলে নজর কেড়েছে। বর্তমানে থার্ড ডিভিশন লিগের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে দলটি। এই অবস্থান ধরে রাখতে পারলে আগামী মৌসুমে সেকেন্ড ডিভিশনে খেলার সুযোগ পাবে জায়ানের ক্লাব।

মঙ্গলবার ইউএই এফএ কাপের প্রিলিমিনারি রাউন্ডে মাজদ এফসির বিপক্ষে ম্যাচে রিমাল আল সাহরার হয়ে অভিষেক হয় জায়ান আহমেদের। নির্ধারিত সময়ে ম্যাচটি ২-২ গোলে ড্র হলে টাইব্রেকারে ১০-৯ ব্যবধানে জয় পায় মাজদ এফসি। ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে ৪৬ মিনিটে ইংলিশ লেফটব্যাক টাইলাহ সানচেজের বদলি হিসেবে মাঠে নামেন জায়ান।

যুক্তরাষ্ট্রে জন্ম ও বেড়ে ওঠা জায়ান সাবেক ফুটবলার শরীফ আহমেদের ছেলে। বাবার আগ্রহে আমেরিকায় বিশ্ববিদ্যালয় পর্যায়ে ফুটবল খেলে নিজের দক্ষতার পরিচয় দেন তিনি। গত বছরের জুনে ঢাকায় এসে ট্রায়ালে অংশ নেন এবং এরপর বাংলাদেশের এএফসি অনূর্ধ্ব-২৩ দলে সুযোগ পান। সেখানে ভালো পারফরম্যান্সের সুবাদে জাতীয় দলের ডাক আসে তার।
বাংলাদেশের জার্সিতে ৯ অক্টোবর হংকংয়ের বিপক্ষে অভিষেক হয় জায়ানের। এরপর আরও দুটি ম্যাচ খেলেন তিনি। গতি ও স্কিল দিয়ে অল্প সময়েই বাংলাদেশের ফুটবলপ্রেমীদের নজর কাড়েন এই লেফটব্যাক।

১৮ নভেম্বর ভারতের বিপক্ষে ম্যাচ খেলার পর পড়াশোনার পাশাপাশি খেলা চালিয়ে যেতে তিনি ফিরে যান যুক্তরাষ্ট্রে। সম্প্রতি কানাডায় ট্রায়ালে অংশ নেওয়ার সময় তার পারফরম্যান্স প্রোফাইল ও ম্যাচ ফুটেজ বিভিন্ন ক্লাবের কাছে পাঠানো হয়। সবদিক বিবেচনায় নিজের উন্নতির জন্য সংযুক্ত আরব আমিরাতকেই সবচেয়ে উপযুক্ত গন্তব্য হিসেবে বেছে নেন জায়ান।

Previous articleড্র হলেই শিরোপা, রাজশাহী স্টারসের সামনে ইতিহাস গড়ার হাতছানি
Next articleজাতীয় নির্বাচনের মধ্যেই মোহামেডানের নির্বাচন ঘোষণা, ৯ মার্চ ঢাকা ক্লাবে এজিএম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here