জাতীয় ফুটবল দলের কোচদের দীর্ঘ ছুটি নিয়ে আলোচনা নতুন কিছু নয়। একসময় অতিরিক্ত ছুটির কারণে আলোচনায় থাকতেন সাবেক ব্রিটিশ কোচ জেমি ডে। বর্তমানে দল নির্বাচন ও কৌশল নিয়ে বেশি সমালোচিত হলেও ছুটির হিসাবেও কম যান না স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবেররা। প্রায় দুই মাসের বেশি সময় স্পেনে কাটিয়ে তিনি গতকাল সকালে ঢাকায় ফিরেছেন।

১৮ নভেম্বর ঢাকায় ভারতের বিপক্ষে ম্যাচ খেলেছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ওই ম্যাচের পরপরই ক্যাবরেরা পরিবারের সঙ্গে সময় কাটাতে স্পেনে যান। ম্যাচের কিছুদিন আগেই তিনি বাবা হন। বাংলাদেশের পরবর্তী আন্তর্জাতিক ম্যাচ ৩১ মার্চ সিঙ্গাপুরে। হাতে সময় থাকায় তিনি দুই মাসেরও বেশি সময় পরিবারকে দিয়েছেন।

৩১ মার্চের ম্যাচের আগে বাংলাদেশ ভিয়েতনামে একটি আন্তর্জাতিক ম্যাচ খেলবে বলে জানা গেছে। বিষয়টি চূড়ান্ত হলেও বাফুফে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। এর আগে জাতীয় দল কমিটির সভা শেষে ডেপুটি চেয়ারম্যান ইমরুল হাসান জানিয়েছিলেন, সিঙ্গাপুর ম্যাচের আগে সিলেটে একটি প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে। কিন্তু কয়েক দিনের ব্যবধানে ভিয়েতনাম ম্যাচের খবর সামনে আসে, যা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে।

২০২২ সালের ফেব্রুয়ারি থেকে জাতীয় দলের হেড কোচের দায়িত্বে আছেন ক্যাবরেরা। তিন দফায় তার চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে। বর্তমান চুক্তি অনুযায়ী ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচই তার শেষ দায়িত্ব। হামজা-সামিতের মতো খেলোয়াড় যুক্ত হওয়ার পরও বাংলাদেশ এশিয়ান কাপের মূল পর্বে জায়গা না পাওয়ায় কোচের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ফুটবল সংশ্লিষ্টরা। সিঙ্গাপুর ম্যাচের পরই ক্যাবরেরার ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত হওয়ার কথা।

এদিকে ঘরোয়া ফুটবল নিয়েও অনিশ্চয়তা চলছে। ডিসেম্বর মাসে লিগ হলেও সে সময় কোচ স্পেনে থাকায় মাঠে গিয়ে খেলা দেখা হয়নি। জানুয়ারিতে মধ্যবর্তী দলবদলের কারণে লিগ বন্ধ ছিল। ৩ ফেব্রুয়ারি দ্বিতীয় লেগ শুরুর কথা থাকলেও তা হয়নি। ফেব্রুয়ারির অর্ধেক পেরিয়ে গেলেও ক্লাবগুলো জানে না কবে থেকে লিগ শুরু হবে।

এই পরিস্থিতিতে লিগ কমিটির চেয়ারম্যান ও বাফুফে সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসানের সঙ্গে যোগাযোগ করতেও হিমশিম খাচ্ছেন ক্লাব ও কমিটির সদস্যরা। সাংবাদিকদের পাশাপাশি বাফুফের স্টাফদের ফোন ও বার্তারও সাড়া মিলছে না। ফলে ক্লাবগুলোর সঙ্গে সঙ্গে লিগ কমিটির সদস্যদের মাঝেও হতাশা কাজ করছে।

Previous articleহামজার চোটে শঙ্কা, তবু আশাবাদী জামাল; সিঙ্গাপুর ম্যাচের আগে প্রস্তুতিতে চোখ জাতীয় দলের
Next articleএশিয়া কাপে ঐতিহাসিক অভিষেকের আগে অস্ট্রেলিয়ান হাই কমিশনে সংবর্ধনা পেল বাংলাদেশ নারী ফুটবল দল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here