আগামী মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় নারী এশিয়ান কাপ সামনে রেখে ২৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। ঘোষিত দলে সবচেয়ে বড় চমক সুইডেন প্রবাসী মিডফিল্ডার আনিকা রানিয়া সিদ্দিকীর অন্তর্ভুক্তি। বাংলাদেশ দলের কোচ পিটার জেমস বাটলার মনে করেন, আনিকা দলের মান ও শক্তি দুটোই বাড়াবে।
এই দলে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন আরও দুজন—আলপি আক্তার ও সুরভী আকন্দ প্রীতি। সদ্য সমাপ্ত ঘরোয়া লিগে রাজশাহী স্টার্সের হয়ে দারুণ পারফরম্যান্স করেছেন আলপি। ২৯ গোল করে তিনি ছিলেন লিগের সর্বোচ্চ গোলদাতা। বয়সভিত্তিক দলে বাংলাদেশের জার্সিতে খেলা এই ফরোয়ার্ডের সামনে এবার সিনিয়র জাতীয় দলে নিজেকে প্রমাণের সুযোগ।
এ মাসের শুরুতে শুরু হওয়া ক্যাম্প থেকেই দলের সঙ্গে ছিলেন আনিকা। সুইডেনের ক্লাব ব্রোমপোজকর্নের অনূর্ধ্ব-১৯ দলে খেলার পর গত মাসে সুইডিশ কাপ দিয়ে ক্লাবটির সিনিয়র দলে অভিষেক হয় তার। দলে ফিরেছেন ২০২৪ নারী সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী আইরিন খাতুন। একই সঙ্গে আবার সুযোগ দেওয়া হয়েছে সুরভী আকন্দ প্রীতিকেও।
আগামী ১ থেকে ২১ মার্চ অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে নারী এশিয়ান কাপ-এর ২১তম আসর। বাংলাদেশের সঙ্গে ‘বি’ গ্রুপে রয়েছে ৯ বারের চ্যাম্পিয়ন চীন, তিনবারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া ও উজবেকিস্তান। টুর্নামেন্টে অংশ নিতে বৃহস্পতিবার রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

অস্ট্রেলিয়ার উদ্দেশে উড়াল দেওয়ার আগে বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে আনিকার ভূয়সী প্রশংসা করেন বাটলার। সময়ের সঙ্গে সঙ্গে এই মিডফিল্ডার আরও উন্নতি করবে বলেও বিশ্বাস তার।
“আনিকার বয়স ২১ বছর। বাফুফে সহ-সভাপতি ফাহাদের মাধ্যমে আমরা তাকে খুঁজে পাই। আমরা তাকে নিয়ে বিস্তারিত পর্যালোচনা করেছি—তার কোচদের সঙ্গে কথা বলেছি, ভিডিও দেখেছি এবং অনুশীলনে কাছ থেকে পর্যবেক্ষণ করেছি। আমার দৃষ্টিতে সে দারুণ এক আবিষ্কার। সম্ভবত সে-ই প্রথম খেলোয়াড়, যে স্থানীয় ঘরোয়া ফুটবলের গণ্ডি ভেঙে বাইরে থেকে উঠে এসেছে,” বলেন বাটলার।
তিনি আরও বলেন, “আমি তাকে কেবল সামর্থ্যের ভিত্তিতেই দলে নিয়েছি। তার বয়স আমাদের জন্য বড় ইতিবাচক দিক। সে ভবিষ্যতের খেলোয়াড়। তার মানসিকতা ইতিবাচক, সে লড়াকু। সে দলে মান ও শক্তি যোগ করবে এবং সময়ের সঙ্গে আরও উন্নতি করবে।”
চোট সমস্যা নিয়েও স্বস্তির কথা জানান কোচ। তার মতে, বড় ধরনের কোনো জটিলতা আপাতত নেই।“লিগ চলাকালে নবীরন চোট পেয়েছিল। সে অনুশীলনে ফিরেছে, যদিও এখনও পুরোপুরি ফিট নয়। আমাদের দলে প্রায় অর্ধেক খেলোয়াড়ই অনূর্ধ্ব-২০ পর্যায়ের। তাই লক্ষ্যটা দ্বিমুখী—জাতীয় দলের পাশাপাশি অনূর্ধ্ব-২০ দলের প্রস্তুতিও চলছে। আমাদের বাস্তববাদী হতে হবে। প্রয়োজনে নবীরনকে ২০–৩০ মিনিট খেলিয়ে তার পুনর্বাসনে সহায়তা করব,” বলেন বাটলার।
চোট সমস্যা আসা-যাওয়ার মধ্যেই থাকে বলেও উল্লেখ করেন তিনি। “কয়েকজনের বড় চোট ছিল, তবে পরিস্থিতি যতটা খারাপ মনে হয়েছিল, ততটা নয়। অতিরিক্ত কাজের চাপ আর ক্লান্তি খেলোয়াড়দের ওপর প্রভাব ফেলে। বিশেষ করে কমলাপুরের পিচ থেকে ঘাসের মাঠে মানিয়ে নিতে সময় লাগে। ইতিবাচক দিক হলো নবীরন ফিরছে এবং আরও কয়েকজন ছোটখাটো সমস্যা কাটিয়ে উঠছে।”
নারী এশিয়ান কাপে বাংলাদেশের দল
রুপনা চাকমা, মিলি আক্তার, স্বর্ণা রানী মন্ডল, আফঈদা খন্দকার (অধিনায়ক), কোহাতি কিসকু, নবীরন খাতুন, শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, হালিমা খাতুন, সৌরভী আক্তার আফরিন, স্বপ্না রানী, মুনকি আক্তার, আইরিন খাতুন, শাহেদা আক্তার রিপা, উমহেলা মারমা, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, মারিয়া মান্দা, আনিকা রানিয়া সিদ্দিকী, উন্নতি খাতুন, আলপি আক্তার, সুরভী আকন্দ প্রীতি, সুলতানা, তহুরা খাতুন, সাগরিকা ও শামসুন্নাহার জুনিয়র।




