অস্ট্রেলিয়ায় আসন্ন নারী এশিয়ান কাপকে সামনে রেখে কোনো সময় নষ্ট করেনি বাংলাদেশ নারী ফুটবল দল। সিডনিতে পৌঁছানোর কয়েক ঘণ্টার মধ্যেই অনুশীলনে নেমে পড়েছেন ঋতুপর্ণারা। ভ্রমণক্লান্তি থাকলেও দলের ফিটনেস ও মানসিক প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট কোচিং স্টাফ।

১–২১ মার্চ অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী এশিয়ান কাপ। এই টুর্নামেন্টে অংশ নিতে গতকাল রাতে বাংলাদেশ নারী ফুটবল দল পৌঁছেছে সিডনি। অস্ট্রেলিয়ান সময় রাত সাড়ে বারোটায় দলটি পৌঁছায় ভ্যালেন্টাইন স্পোর্টস পার্ক-এ।

মাত্র সাত ঘণ্টা বিশ্রামের পর আজ স্থানীয় সময় সকাল আটটায় অনুশীলন শুরু করান প্রধান কোচ পিটার বাটলার। সকাল আটটা থেকে দশটা পর্যন্ত টানা দুই ঘণ্টা অনুশীলন করে বাংলাদেশ দল।

ভ্রমণজনিত ক্লান্তি থাকলেও বড় কোনো সমস্যা দেখছেন না কোচিং স্টাফ। বাফুফের ভিডিও বার্তায় গোলরক্ষক কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল বলেন, “খেলোয়াড়দের মধ্যে ক্লান্তি থাকলেও ইনজুরির কোনো শঙ্কা নেই। সবাই ফিট আছে এবং ধীরে ধীরে আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা চলছে। তাঁর ভাষায়, অনুশীলনও হয়েছে সন্তোষজনক।”

২৬ ফেব্রুয়ারি পর্যন্ত ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কেই অবস্থান করবে বাংলাদেশ দল। পরদিন, ২৭ ফেব্রুয়ারি, এএফসির অফিসিয়াল টিম হোটেলে উঠবে ঋতুপর্ণারা। অনুশীলন ভেন্যুর সুযোগ-সুবিধা নিয়েও সন্তুষ্ট গোলরক্ষক কোচ। তিনি জানান, “একটি পেশাদার ফুটবল দলের জন্য যা যা প্রয়োজন, সবই এখানে রয়েছে।”

সিডনিতে সকাল ও দুপুরে আবহাওয়া তুলনামূলক গরম। সকালে মাঠের অনুশীলনের পর বিকেলে জিম সেশন করেছে দল। আগামীকাল সকালেও অনুশীলন রয়েছে। প্রস্তুতির অংশ হিসেবে ২৫ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন স্পোর্টস ক্লাবেই স্থানীয় একটি ক্লাবের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী দল।

Previous articleএশিয়ান কাপের মঞ্চে ইতিহাস গড়তে অস্ট্রেলিয়ায় পৌঁছাল বাংলাদেশ নারী ফুটবল দল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here