এশিয়া কাপের প্রস্তুতি ঘিরে সিডনিতে নতুন অধ্যায়ে ঢুকেছে বাংলাদেশ নারী ফুটবল দল। দীর্ঘদিনের আবাস ও অনুশীলন ভেন্যু ভ্যালেনটাইন স্পোর্টস পার্ক ছেড়ে শুক্রবার ভোরেই নতুন অনুশীলন কেন্দ্রে যায় দল। টুর্নামেন্টের আনুষ্ঠানিক প্রস্তুতির অংশ হিসেবে এখন থেকে এএফসি’র তত্ত্বাবধানে নির্ধারিত ভেন্যু ও টিম হোটেলে থাকছে লাল-সবুজের প্রতিনিধিরা।

সিডনির আরেক প্রান্তে জুবলি ওভালে স্থানীয় সময় সকাল নয়টায় অনুশীলন শুরু করেন পিটার বাটলারের শিষ্যরা। মেঘলা আবহাওয়া ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে প্রায় দেড় ঘণ্টা অনুশীলন করেন আফিদারা। অনুশীলন শেষে বাংলাদেশ দল ওঠে তাদের আনুষ্ঠানিক টিম হোটেল পার্ক রয়েলে।

অস্ট্রেলিয়াতে হোটেলে চেক-ইনের সময় দুপুর দুইটা। তাই অনুশীলনের পর হোটেলেই মধ্যাহ্নভোজ করে নিজ নিজ কক্ষে উঠবেন খেলোয়াড় ও কোচিং স্টাফরা। টুর্নামেন্ট শুরুর তিন দিন আগে অংশগ্রহণকারী দলগুলোকে নির্ধারিত টিম হোটেলে রাখার নিয়ম এএফসি’র।

১ মার্চ শুরু হচ্ছে টুর্নামেন্টের আনুষ্ঠানিক পর্ব। তার আগে তিন দিন ধরে অনুশীলন সূচি পরিচালিত হচ্ছে এএফসি’র তত্ত্বাবধানে। সিডনির জুবলি স্টেডিয়ামের জুবলি ওভালই বাংলাদেশের আনুষ্ঠানিক প্র্যাকটিস ভেন্যু। সিডনিতে বাকি দিনগুলোতেও এখানেই অনুশীলন করবে বাংলাদেশ দল। ব্রিটিশ কোচ পিটার বাটলার প্রতিদিন স্থানীয় সময় সকাল নয়টায় অনুশীলন করাবেন। একই ভেন্যুতে বাংলাদেশের পাশাপাশি অনুশীলন করবে চাইনিজ তাইপেও।

ভালো পারফরম্যান্সের জন্য ভালো অনুশীলনের বিকল্প নেই, আর তার জন্য প্রয়োজন মানসম্মত মাঠ। স্বাগতিক অস্ট্রেলিয়া সেই জায়গায় সর্বোচ্চ মান নিশ্চিত করার চেষ্টা করেছে। দলের সঙ্গে থাকা লিয়াজো অফিসারের মাধ্যমে বাংলাদেশ দল জানতে পেরেছে, সিডনিতে এশিয়া কাপের জন্য নির্ধারিত চারটি অনুশীলন ভেন্যুর মধ্যে জুবলি স্টেডিয়ামই সবচেয়ে ভালো মানের।

বাংলাদেশ দলের সহকারী কোচ মাহমুদা আক্তার অনন্যা মাঠ ও সুযোগ-সুবিধা নিয়ে সন্তুষ্ট, “আমরা এখানে খুব সুন্দর পরিবেশে অনুশীলন করেছি। সুযোগ-সুবিধা সত্যিই ভালো।”

সিডনিতে আসার পর শুরুতে গরমের কারণে কিছুটা অস্বস্তিতে ছিল বাংলাদেশ দল। তবে গতকাল থেকে আবহাওয়া বদলেছে। এ বিষয়ে অনন্যা বলেন, “এই রোদ, এই বৃষ্টি—আবহাওয়া এমনই। সবাই মানিয়ে নেওয়ার চেষ্টা করছে।”

দলে কিছু হালকা চোট থাকলেও তা নিয়ে খুব একটা চিন্তিত নন কোচিং স্টাফ। অনন্যার ভাষায়, “দলের সবাই ভালো আছে। হালকা ইনজুরি আছে, ফিজিওর তত্ত্বাবধানে রিকভারি চলছে। সবাই সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত।”

Previous articleঅস্ট্রেলিয়ায় প্রস্তুতির অংশ হিসেবে ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্সের বিপক্ষে টাইগ্রেসদের বন্ধুত্বপূর্ণ ম্যাচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here