অস্ট্রেলিয়ায় এক সপ্তাহের বেশি সময় ধরে ঘাম ঝরাচ্ছে বাংলাদেশের নারী ফুটবল দল। লক্ষ্য একটাই, দেশটির কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নিয়ে এশিয়ান কাপের মঞ্চে নিজেদের সেরাটা তুলে ধরা। প্রস্তুতির ফাঁকে একটি প্রীতি ম্যাচ খেলে ধরা পড়া ভুলগুলো নিয়েই এখন নিবিড় কাজ চলছে। জুবিলি স্টেডিয়ামে শনিবারের অনুশীলনে এসব দিকেই বাড়তি মনোযোগ দিয়েছেন কোচ পিটার জেমস বাটলার।
মাঠের লড়াই শুরু হতে আর খুব বেশি সময় নেই। মঙ্গলবার চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে উইমেন’স এশিয়ান কাপের গ্রুপ পর্বে যাত্রা শুরু করবে বাংলাদেশ। এশিয়ার নারী ফুটবলের সর্বোচ্চ আসরে প্রথমবার খেলতে নামার রোমাঞ্চ স্পষ্ট খেলোয়াড়দের মধ্যে।
অনুশীলন শেষে দলের প্রতিনিধি হয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন সুরভি আকন্দ প্রীতি। তাঁর কণ্ঠে ছিল আত্মবিশ্বাস আর প্রত্যাশার মিশেল।
“যদি আমি খেলার সুযোগ পাই, আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব। এই প্রথম বাংলাদেশ এত বড় মঞ্চে খেলবে, এটা অবশ্যই ভালো লাগার। অনুশীলনে আমাদের ভুল-ত্রুটিগুলো ধরিয়ে দেওয়া হয়, আমরা সেগুলো শুধরানোর চেষ্টা করছি।”
এই প্রস্তুতির অংশ হিসেবেই অস্ট্রেলিয়ার ক্লাব ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্স-এর বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। ১-১ গোলে ড্র হওয়া সেই ম্যাচের পর কোচ খুঁটিয়ে বিশ্লেষণ করছেন দলীয় ভুলগুলো।
“ওই ম্যাচে ভালো লড়াই হয়েছে। ওরা শক্তিশালী দল, আমরাও ভালো করেছি। ম্যাচের পর কোচ দুটি ট্রেনিং সেশনে আমাদের ভুলগুলো নিয়ে কাজ করিয়েছেন,” বলেন প্রীতি।
এর মধ্যেই ফিজিও সংকটে কিছুটা ছন্দ হারিয়েছিল দল। নিয়মিত ফিজিও লাইজু ইয়াসমিন লিপা ব্যক্তিগত কারণে দায়িত্ব ছাড়লে ভার পড়ে জাকিয়া রহমানের ওপর। কিন্তু তিনিও এপেনডিসাইটিসে আক্রান্ত হওয়ায় অস্ট্রেলিয়া সফরে আসতে পারেননি। ফিজিও ছাড়াই প্রস্তুতি চালানোয় পরিস্থিতি জটিল হয়, যা নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন সভাপতি তাবিথ আওয়ালও প্রকাশ্যে অসন্তোষ জানান।
পরে অস্ট্রেলিয়ার স্থানীয় ফিজিও ইসনাদ জামকনকে যুক্ত করে সেই শূন্যতা পূরণ করা হয়। নতুন ফিজিওর সঙ্গে কাজ করতে কোনো সমস্যা হচ্ছে না বলেই জানান প্রীতি।
“মানিয়ে নিতে কষ্ট হচ্ছে না। আমাদের ফিজিও অসুস্থ হয়ে পড়ায় আসতে পারেননি। এখানে যে ফিজিও আছেন, উনি ভালোভাবে আমাদের দেখছেন। সবাই মানিয়ে নিতে পারছি।”
সব মিলিয়ে, ইতিহাস গড়ার অপেক্ষায় থাকা বাংলাদেশের মেয়েরা এখন প্রস্তুতির শেষ ধাপে। অনুশীলনের ভুলগুলো শুধরে মাঠের লড়াইয়ে তার প্রতিফলন ঘটাতেই মরিয়া দল।




