নারী এশিয়ান কাপের অভিষেক ম্যাচে শক্তিশালী চীনের বিপক্ষে সাহসী লড়াই করে প্রশংসা কুড়িয়েছে বাংলাদেশ। কিন্তু সেই পারফরম্যান্সের পরই শুরু হয়েছে নতুন বিতর্ক। বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ চীন দলকে ‘অফফর্ম’ ও ‘বয়স্ক’ আখ্যা দিলে প্রকাশ্যে তার সমালোচনা করেন বাংলাদেশ দলের ব্রিটিশ কোচ পিটার বাটলার।
নারী এশিয়ান কাপের অভিষেক ম্যাচে বাংলাদেশ ডিফেন্ডিং ও সর্বাধিক নয়বারের চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে প্রত্যাশার চেয়ে ভালো খেলেছে। প্রথমার্ধে দুই গোল হজম করলেও দ্বিতীয়ার্ধে আর গোল পায়নি চীন। বিশ্বকাপে নিয়মিত অংশ নেওয়া দলের বিপক্ষে ঋতুপর্ণাদের এই লড়াই অনেকের মন জয় করেছে।
তবে ঢাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাহফুজা আক্তার কিরণ বলেন,
“চীনা দলে বয়সী খেলোয়াড় বেশি, তারা মাঝেমধ্যে থেমে গেছে এবং ফর্মেও নেই। তার মতে, বাংলাদেশের আসল পরীক্ষা হবে উত্তর কোরিয়ার বিপক্ষে।”
এমন মন্তব্যে বিব্রত হন কোচ পিটার বাটলার। উত্তর কোরিয়া ম্যাচের আগের সংবাদ সম্মেলনে দলীয় পরিকল্পনা নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন,
“মিস কিরণের মতো বলতে হয়, উই হ্যাভ অ্যা প্ল্যান।”
পরে এক প্রশ্নের জবাবে তিনি সরাসরি কিরণের মন্তব্যকে
‘কমপ্লিটলি ননসেন্স’বলে উল্লেখ করেন।
বাটলারের ভাষ্য,
“বাফুফের একজন দায়িত্বশীল সদস্যের পক্ষে প্রতিপক্ষকে নিয়ে এমন মন্তব্য করা অসম্মানজনক। তার মতে, চীন নিঃসন্দেহে শক্তিশালী দল এবং তাদের প্রাপ্য সম্মান দেওয়া উচিত।”
বাংলাদেশ নারী লিগে বড় ব্যবধানে জয়ের উদাহরণ টেনে বাটলার বলেন,
“আন্তর্জাতিক ফুটবল আর ঘরোয়া লিগ এক জিনিস নয়। চীনা খেলোয়াড়রা স্থানীয় কোনো ক্লাবের নয়, তারা উচ্চমানের প্রতিযোগিতায় খেলে অভ্যস্ত। ইঙ্গিত ছিল, প্রতিপক্ষকে হালকাভাবে দেখার সুযোগ নেই।”
বাটলার বরাবরই স্পষ্টভাষী। খেলোয়াড়, ফেডারেশন বা মিডিয়া— কারও সমালোচনা করতে পিছপা হন না। তবু বাফুফের একজন কর্মকর্তাকে প্রকাশ্যে এভাবে আক্রমণ করা অনেকের কাছে অস্বস্তিকর মনে হয়েছে।
একদিকে এশিয়ান চ্যাম্পিয়ন চীনকে নিয়ে দায়িত্বশীল অবস্থান থেকে মন্তব্য করা নিয়ে প্রশ্ন উঠেছে, অন্যদিকে কোচের প্রকাশ্য প্রতিক্রিয়াও বিতর্ক উসকে দিয়েছে। মাঠের লড়াইয়ের বাইরে এই কথার লড়াই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।




