দুই মাসের বিরতির পর আবার মাঠে গড়িয়েছে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ। দ্বিতীয় পর্বের শুরুতেই জয় তুলে নিয়ে শীর্ষস্থান আরও শক্ত করেছে বসুন্ধরা কিংস। নিজেদের মাঠে নবাগত পিডব্লিউডি এসসিকে ২–০ গোলে হারিয়ে তিন পয়েন্ট পেয়েছে তারা। অন্য ম্যাচে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে ৪–১ গোলে হারিয়ে টেবিলের তিন নম্বরে উঠে এসেছে আবাহনী লিমিটেড।
লিগের প্রথম পর্বের শেষটা বসুন্ধরা কিংসের জন্য খুব একটা স্বস্তির ছিল না। ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের বিপক্ষে ৩–৩ গোলের ড্রয়ে এককভাবে শীর্ষে থেকে বিরতিতে যেতে পারেনি তারা। তবে দ্বিতীয় পর্বে ফিরে ঘরের মাঠে দারুণ শুরু করেছে মারিও গোমেসের দল।
বসুন্ধরা কিংস অ্যারেনায় পিডব্লিউডি এসসি শুরু থেকেই তেমন প্রতিরোধ গড়তে পারেনি। ম্যাচের ২২ মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। রিমনের পাস পেয়ে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের দুর্দান্ত শটে জাল কাঁপান মোহাম্মদ হৃদয়।
দ্বিতীয়ার্ধে আরও কয়েকটি সুযোগ পেলেও ব্যবধান বাড়াতে সময় লাগে বসুন্ধরার। শেষ পর্যন্ত যোগ করা সময়ের চতুর্থ মিনিটে আসে দ্বিতীয় গোল। রাকিব হোসেনের নিখুঁত অ্যাসিস্ট থেকে সহজেই বল জালে জড়ান নাইজেরিয়ান ফরোয়ার্ড সানডে এমানুয়েল।
এই জয়ে ১০ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে এককভাবে লিগের শীর্ষে উঠেছে বসুন্ধরা কিংস। এক ম্যাচ কম খেলে ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ফর্টিস এফসি। আজ বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হবে তারা।

অন্যদিকে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে দাপুটে জয় পেয়েছে আবাহনী লিমিটেড। রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে ৪–১ গোলে হারিয়ে তারা উঠে এসেছে তৃতীয় স্থানে।
আবাহনীর হয়ে জোড়া গোল করেন ব্রুনো মাতোস। ম্যাচের ২১ মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন তিনি। আট মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন এমেকা ওগবুগ।
বিরতির পরও আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আবাহনী। ৫৩ মিনিটে সুলেমান দিয়াবাতের ব্যাকপাস পেয়ে বাঁ পায়ের কোনাকুনি শটে নিজের দ্বিতীয় গোলটি করেন ব্রুনো মাতোস। এরপর ৭৩ মিনিটে দিয়াবাতের আরেকটি অ্যাসিস্ট থেকে গোল করেন কাজেম শাহ। শেষ দিকে রহমতগঞ্জের হয়ে সলোমন কিং একটি গোল শোধ করলেও তা শুধু ব্যবধানই কমিয়েছে।
জয়ের পর আবাহনীর গোলরক্ষক মিতুল মারমা বলেন,
‘অনেকদিন পর আবার লিগ শুরু হয়েছে, এটা আমাদের জন্য ভালো। আমরা মাঠে ফিরতে পেরেছি। আবাহনী সবসময়ই চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলে। শুরু থেকেই আমাদের লক্ষ্য চ্যাম্পিয়নশিপের জন্য লড়াই করা। যেহেতু জয় দিয়ে শুরু করেছি, আশা করি এই ধারাবাহিকতা ধরে রাখতে পারব।’
এই জয়ে আবাহনীর সংগ্রহ হয়েছে ১৬ পয়েন্ট। তাদের টপকে ওপরে ওঠার সুযোগ থাকলেও ১৫ পয়েন্ট পাওয়া পুলিশ এফসি গাজীপুরে ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে ১–১ গোলে ড্র করেছে। আর মানিকগঞ্জে আরামবাগ ক্রীড়া সংঘের সঙ্গে একই ব্যবধানে ড্র করেছে ফকিরেরপুল ইয়ংমেন্স




