এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচ সামনে রেখে সিঙ্গাপুরে অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ দল। ভিয়েতনামের বিপক্ষে হারের হতাশা কাটিয়ে এখন পুরো দলের লক্ষ্য একটাই—শেষ ম্যাচে জয় তুলে নিয়ে সম্মানজনকভাবে বাছাইপর্ব শেষ করা।

দু’দিন পর সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। ২৬ মার্চ হ্যানয়ে ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ হেরে পরের দিনই সিঙ্গাপুর পৌঁছেছে হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা।

সিঙ্গাপুরে বাংলাদেশ দলের অনুশীলন দেখতে ভিড় করছেন সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। এই উপস্থিতিকে ইতিবাচকভাবেই দেখছেন দলের অন্যতম তারকা শমিত সোম। নিজেও প্রবাসী এই মিডফিল্ডার গত বছর কানাডা থেকে বাংলাদেশের হয়ে খেলা শুরু করেছেন।

রোববার অনুশীলন মাঠে প্রবাসীদের উপস্থিতি নিয়ে শমিত বলেন,

‘এতে আমরা কোনো বিরক্ত হচ্ছি না। বাংলাদেশের দর্শকরা আসছেন, আমাদের সমর্থন দিচ্ছেন। তাদের উপস্থিতি বরং আমাদের আরও অনুপ্রাণিত করবে সিঙ্গাপুরের বিপক্ষে জিততে।’

ভিয়েতনামের বিপক্ষে ৩-০ গোলে হারের পর দলের মনোবল কিছুটা নড়ে গিয়েছিল বলেও জানান তিনি। তবে সেই হতাশা কাটিয়ে এখন সবাই সামনে তাকাচ্ছেন,

‘আগের ম্যাচের পর সবার মন খারাপ ছিল। এখন কয়েকদিন হয়ে গেছে, আমরা সেটা কাটিয়ে উঠেছি। এখন পুরো ফোকাস সিঙ্গাপুর ম্যাচে।’

হামজা চৌধুরীর পর বড় পর্যায়ে খেলার অভিজ্ঞতা থাকা শমিত নিজের সেই অভিজ্ঞতা দলের কাজে লাগাতে চান। ব্যক্তিগত পারফরম্যান্সের পাশাপাশি সতীর্থদেরও দিকনির্দেশনা দিতে চান তিনি।

৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে জয় পেলে বাছাইপর্বটা ইতিবাচকভাবে শেষ করতে পারবে বাংলাদেশ। পাঁচ ম্যাচে ৫ পয়েন্ট পাওয়া দলটির জন্য সেটিই এখন প্রধান লক্ষ্য, যদিও আগেই শেষ হয়ে গেছে মূল পর্বে ওঠার সম্ভাবনা।

Previous articleসেমিফাইনালে বাংলাদেশ, তবু প্রশ্ন কোচিং ও মিডিয়া ব্যবস্থাপনায়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here