মালদ্বীপে চলমান সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জার্সিতে দারুণ ছন্দে আছেন প্রবাসী ফুটবলার রোনান সুলিভান। দুই ম্যাচে দুই গোল ও এক অ্যাসিস্ট করে ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসা এই তরুণ এবার সেমিফাইনালে জোড়া গোলের লক্ষ্য স্থির করেছেন।
১ এপ্রিল নেপালের বিপক্ষে সেমিফাইনালের আগে অনুশীলন শেষে বাফুফের দেয়া এক সংক্ষিপ্ত ভিডিও বার্তায় রোনান বলেন,
“ম্যাচটি কঠিন হবে, তবে দলগত পারফরম্যান্সেই জয়ের লক্ষ্য তাদের। ব্যক্তিগত লক্ষ্য নিয়ে প্রশ্ন করা হলে আত্মবিশ্বাসী কণ্ঠে জানান, দুই গোল করাই তার লক্ষ্য।”

রোনানকে ঘিরে দেশের ফুটবল অঙ্গনে বাড়ছে আগ্রহ। সমর্থকরা তার খেলা ও ব্যক্তিগত তথ্য জানতে আগ্রহী হলেও এ বিষয়ে পর্যাপ্ত কনটেন্ট দিতে পারেনি বাফুফে। সেমিফাইনালের আগের দিন প্রকাশিত ভিডিওতে রোনানের বক্তব্য ছিল মাত্র ১৫ সেকেন্ড, যেখানে দলের ম্যানেজার সামিদ কাশেম-এর বক্তব্যই ছিল দুই মিনিটের বেশি—যা অনেকের কাছেই অপ্রয়োজনীয় মনে হয়েছে।
দলের ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন তুলছেন সংশ্লিষ্টরা।
ডেভেলপমেন্ট কমিটিতে ছাইদ হাসান কানন ও শফিকুল ইসলাম মানিক-এর মতো অভিজ্ঞ ব্যক্তিরা থাকলেও ম্যানেজার সামিদ কাশেমের প্রভাবই বেশি বলে মনে করা হচ্ছে। বয়সভিত্তিক দলের খেলোয়াড়দের মানসিকভাবে সামলানোর দায়িত্ব থাকলেও কখনো কখনো তাকে মাঠে ঢুকে উত্তেজিত আচরণ করতে দেখা গেছে, এমনকি একটি ম্যাচে হলুদ কার্ডও দেখেছেন তিনি।
ভারতের বিপক্ষে ম্যাচ খেলার পরদিন ছিল দলের রিকভারি সেশন। আজ আবার অনুশীলনে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। দলের আরেক ফুটবলার চন্দন রায় জানান,
“সেমিফাইনালের আগে দল মানসিকভাবে প্রস্তুত এবং আরেকটি অনুশীলন সেশন শেষে ম্যাচে নামবে তারা।”
১ এপ্রিল নেপালের বিপক্ষে সেমিফাইনালে মাঠে নামবে বাংলাদেশ। অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও ভুটান।




