এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে আজ সিঙ্গাপুরের মুখোমুখি বাংলাদেশ। ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচের একাদশে দুইটি পরিবর্তন এনে দল সাজিয়েছেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা।
দিন পাঁচেক আগে ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচে গোলবার সামলেছিলেন মেহেদী হাসান শ্রাবণ। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচে আবারও মিতুল মারমার ওপর আস্থা রেখেছেন স্প্যানিশ কোচ। গোলরক্ষকের মতো গুরুত্বপূর্ণ পজিশনে দুই ম্যাচে দুইজনকে সুযোগ দিয়ে পরীক্ষা-নিরীক্ষার পথেই হাঁটছেন ক্যাবরেরা।
শ্রাবণ বসুন্ধরা কিংসে নিয়মিত না খেললেও তাকে প্রীতি ম্যাচে সুযোগ দেওয়া হয়েছিল। অন্যদিকে ক্লাব ফুটবলে দারুণ পারফর্ম করা জিকোকে প্রাথমিক দলেই রাখা হয়নি, যা আলোচনার জন্ম দিয়েছে।
রক্ষণভাগে ভিয়েতনাম ম্যাচের শাকিল আহাদ তপু, তারিক কাজী ও সাদ উদ্দিন আছেন অপরিবর্তিত। তবে আগের ম্যাচের মতো এবারও একাদশে নেই অধিনায়ক জামাল ভূঁইয়া। তার অনুপস্থিতিতে সোহেল রানা সিনিয়রের হাতেই থাকছে অধিনায়কত্বের দায়িত্ব।
মিডফিল্ড ও আক্রমণভাগে সামিত সোম ও জায়ান আহমেদ থাকলেও মিরাজুলের জায়গায় সুযোগ পেয়েছেন শেখ মোরসালিন। দলের সবচেয়ে বড় ভরসা হামজা দেওয়ান চৌধুরীও আছেন শুরুর একাদশে, যা বাংলাদেশ শিবিরে বাড়তি আত্মবিশ্বাস যোগাচ্ছে।
বাংলাদেশের একাদশ:
মিতুল মারমা, শাকিল আহাদ তপু, হামজা চৌধুরী, শেখ মোরসালিন, ফয়সাল আহমেদ ফাহিম, তারিক কাজী, ফাহামিদুল ইসলাম, সোহেল রানা, জায়ান আহমেদ, সাদ উদ্দিন, শমিত সোম।




