সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের গৌরব নিয়ে আজ সন্ধ্যায় দেশে ফিরছে বাংলাদেশ দল। মালদ্বীপে নাটকীয় ফাইনাল জয়ের পর সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে তাদের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
গতকাল ভারতের বিপক্ষে রোমাঞ্চকর ফাইনালে নির্ধারিত ৯০ মিনিটে কোনো গোল না হলেও টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় নিশ্চিত করে লাল-সবুজের তরুণরা। এতে করে টানা দ্বিতীয়বারের মতো এই বয়সভিত্তিক সাফের শিরোপা নিজেদের করে নিল বাংলাদেশ। এর আগে ২০২৪ সালে নেপালকে ১-০ গোলে হারিয়ে প্রথমবার ট্রফি জিতেছিল তারা।
মালদ্বীপের মালের ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে খেললেও গোলের দেখা পায়নি কেউই। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে শুরুতেই ভারতের প্রথম শট ঠেকিয়ে দেন বাংলাদেশের গোলকিপার ইসমাইল হোসেন মাহিন, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।
যদিও বাংলাদেশের একটি শট মিস হওয়ায় চার শট শেষে স্কোরলাইন দাঁড়ায় ৩-৩। শেষ শটে আবারও ভুল করে ভারত। সুযোগটা কাজে লাগান রোনান সুলিভান। ঠান্ডা মাথায় পানেনকা শটে ভারতের গোলকিপার সুরাজ সিংকে পরাস্ত করে দলকে শিরোপা এনে দেন যুক্তরাষ্ট্র প্রবাসী এই ফুটবলার।
দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে প্রতিযোগিতার সেরা গোলকিপারের পুরস্কারও জিতেছেন মাহিন।



