টানা দুই হারের চাপ, গ্রুপ থেকে ছিটকে পড়ার শঙ্কা—সব মিলিয়ে কঠিন সময়ের মধ্যেই ছিল বসুন্ধরা কিংস। তবে ঠিক এমন মুহূর্তেই দারুণভাবে ঘুরে দাঁড়াল তারা। ফয়সাল আহমেদ ফাহিমের গোল ও অ্যাসিস্টে এবং দোরিয়েলতন গোমেস নাসিমেন্তোর দুর্দান্ত নৈপুণ্যে বড় জয় তুলে নিয়ে গ্রুপ পর্ব পেরোনোর আশা জিইয়ে রাখল কিংস।
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মঙ্গলবার ‘বি’ গ্রুপের ম্যাচে আরামবাগকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে বসুন্ধরা কিংস। দিনের অন্য ম্যাচে ফর্টিস এফসিকে ২-১ গোলে হারিয়েছে পুলিশ এফসি।
এই জয়ে তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে রয়েছে পুলিশ এফসি। সমান ৫ পয়েন্ট করে তিন দলের মধ্যে গোল পার্থক্যে দ্বিতীয় স্থানে কিংস, তৃতীয় ফর্টিস ও চতুর্থ মোহামেডান। তিন ম্যাচের সবকটিতে হেরে তলানিতে আরামবাগ। গ্রুপ থেকে সেরা দুই দল উঠবে পরবর্তী পর্বে।
শুরু থেকেই ম্যাচে আধিপত্য দেখায় কিংস। ১৬তম মিনিটে ফাহিমের আড়াআড়ি ক্রসে দোরিয়েলতনের দারুণ হেডে এগিয়ে যায় তারা।
২২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফাহিম নিজেই। ডান দিক থেকে রাকিব হোসেনের ক্রসে দূরের পোস্টে দাঁড়িয়ে নিখুঁত শটে বল জালে পাঠান তিনি।
দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে কিংস। ৫২তম মিনিটে সাদ উদ্দিনের থ্রু পাস থেকে ইমানুয়েল সানডে গোল করে ব্যবধান বাড়ান।
এর তিন মিনিট পর ফাহিমের নিচু ক্রস থেকে নিজের দ্বিতীয় গোল করেন দোরিয়েলতন।
৬২তম মিনিটে ফাহিমের একটি হেড অফসাইডের কারণে বাতিল হলেও আক্রমণ থামেনি। ৬৬তম মিনিটে সোহেল রানার দৃষ্টিনন্দন শটে স্কোরলাইন দাঁড়ায় ৫-০।
দাপুটে এই জয়ে শুধু তিন পয়েন্টই নয়, আত্মবিশ্বাসও ফিরে পেল বসুন্ধরা কিংস। এখন তাদের লক্ষ্য, শেষ ম্যাচে ভালো ফল করে গ্রুপ পর্ব পেরোনো।
দিনের অন্য ম্যাচে ফর্টিস এফসিকে ২-১ গোলে হারিয়েছে পুলিশ এফসি।এ জয়ের ফলে টেবিলের একে উঠে গেছে পুলিশ আর তিনে নেমে এসেছে ফর্টিস।




