লিগ শিরোপার দৌড়ে এখন আর খুব বেশি জায়গা নেই ভুলের। শীর্ষে থাকা বসুন্ধরা কিংসকে ধরতে হলে প্রতিটি ম্যাচই এখন আবাহনীর জন্য ফাইনালের মতো। এমন পরিস্থিতিতে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের বিপক্ষে আজকের ম্যাচটি তাদের জন্য হয়ে উঠেছে ‘করো বা মরো’ লড়াই।

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বিকেল ৩টা ৩০ মিনিটে শুরু হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর এই হাইভোল্টেজ ম্যাচ। লিগ শিরোপার লড়াইয়ে অনেক আগেই ছিটকে পড়েছে মোহামেডান। শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের চেয়ে তারা পিছিয়ে ১৩ পয়েন্টে। বাকি ৮ ম্যাচে এই ব্যবধান ঘুচানো প্রায় অসম্ভবই।

অন্যদিকে আবাহনী এখনো শিরোপা দৌড়ে টিকে আছে। কিংসের চেয়ে তারা পিছিয়ে পাঁচ পয়েন্টে। তাই লড়াইয়ে টিকে থাকতে হলে আজকের ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই মারুফুল হকের দলের সামনে।

গতবারের চ্যাম্পিয়ন মোহামেডান এবার খুঁজে পাচ্ছে না নিজেদের ছন্দ। লিগে শেষ ছয় ম্যাচে জয়হীন তারা। ১১ ম্যাচে মাত্র দুটি জয়, পাঁচটি ড্র ও চারটি হারে ১১ পয়েন্ট নিয়ে অবস্থান করছে টেবিলের ষষ্ঠ স্থানে। শিরোপার আশা ক্ষীণ হলেও আত্মমর্যাদার লড়াইয়ে জিততে চায় সাদা-কালোরা।

দলের অধিনায়ক মেহেদি হাসান মিঠু বলেছেন,

‘আমরা তো জেতার জন্যই খেলতে নামব। এই ম্যাচের গুরুত্ব অন্য যেকোনো ম্যাচের চেয়ে বেশি। আমাদের লক্ষ্য জয়ে ফেরা। দলের সবাই প্রস্তুত আছে, ভালো একটি ম্যাচের অপেক্ষায় আছি।’

লিগের প্রথম পর্বে ৩-২ গোলে জিতেছিল মোহামেডান, যা আবাহনীর জন্য বাড়তি প্রেরণা হিসেবেই কাজ করছে। প্রতিশোধের লক্ষ্য নিয়েই মাঠে নামতে চাইছে আকাশি-নীলরা।

আবাহনীর গোলরক্ষক মিতুল মারমা বলেছেন,

‘আমরা এখন যে অবস্থায় আছি, সেখানে কোনো পয়েন্ট হারানো চলবে না। প্রতিটি ম্যাচ থেকেই তিন পয়েন্ট নিতে হবে। আশা করছি, এই ম্যাচ জিতে আত্মবিশ্বাস আরও বাড়বে।’

এদিকে দিনের অন্য ম্যাচে মানিকগঞ্জে ব্রাদার্সের মুখোমুখি হবে ফকিরেরপুল, আর গাজীপুরে পিডব্লিউডির প্রতিপক্ষ রহমতগঞ্জ।

Previous articleছুটির কথা বললেও ঢাকাতেই বাটলার, সামনে সাফ—অনিশ্চয়তার মাঝেই প্রস্তুতি নারী দলের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here