ম্যাচ পাতানো ও স্পট ফিক্সিংয়ের পর এবার বাংলাদেশের চ্যাম্পিয়নশিপ লিগে সামনে এলো বয়স জালিয়াতির ঘটনা। নিয়ম ভঙ্গের দায়ে ঢাকা রেঞ্জার্স ক্লাবকে জরিমানা করার পাশাপাশি একটি ম্যাচে ০-৩ গোলে পরাজিত ঘোষণা করেছে বাফুফের ডিসিপ্লিনারি কমিটি।
বাংলাদেশের ফুটবলের দ্বিতীয় স্তরের প্রতিযোগিতা চ্যাম্পিয়নশিপ লিগ আবারও বিতর্কে। তরুণ খেলোয়াড়দের সুযোগ দিতে এই লিগে ১৭ থেকে ১৯ বছর বয়সী অন্তত তিনজন ফুটবলার নিবন্ধন বাধ্যতামূলক এবং তাদের মধ্যে একজনকে একাদশে খেলানোর নিয়ম রয়েছে।
তবে এই নিয়ম ভঙ্গ করেছে ঢাকা রেঞ্জার্স ক্লাব। চট্টগ্রাম সিটি ফুটবল ক্লাবের বিপক্ষে ৯ এপ্রিলের ম্যাচে তারা যে খেলোয়াড়কে নির্ধারিত বয়সসীমার মধ্যে দেখিয়ে খেলিয়েছিল, পরে যাচাইয়ে দেখা যায় তার প্রকৃত বয়স নির্ধারিত সীমার বাইরে।
ম্যাচ শেষে চট্টগ্রাম সিটি ফুটবল ক্লাব এ বিষয়ে আপিল করলে বাফুফে বিষয়টি খতিয়ে দেখে সত্যতা পায়। এরপর বিষয়টি ডিসিপ্লিনারি কমিটির কাছে পাঠানো হয়। কমিটি লিগের বাইলজ ও ডিসিপ্লিনারি কোড অনুযায়ী রেঞ্জার্সকে ৩০ হাজার টাকা জরিমানা করে এবং সেই ম্যাচে তাদের ০-৩ গোলে পরাজিত ঘোষণা করে।
লিগের নিয়ম অনুযায়ী, ৩১ মে ২০০৭ থেকে ১ ডিসেম্বর ২০০৯ সালের মধ্যে জন্ম নেওয়া একজন খেলোয়াড়কে একাদশে রাখা বাধ্যতামূলক। রেঞ্জার্স এই শর্ত ভঙ্গ করায় শাস্তির মুখে পড়েছে।
ঘটনাটি শুধু ক্লাবের দায় নয়, বরং বাফুফের রেজিস্ট্রেশন প্রক্রিয়ার দুর্বলতাও সামনে এনে দিয়েছে। কারণ ম্যাচের আগে সংশ্লিষ্ট খেলোয়াড়কে নিবন্ধন করাতে গিয়ে ক্লাব ফেডারেশনের নজর এড়িয়ে যেতে সক্ষম হয়েছিল। ফলে ভবিষ্যতে এমন অনিয়ম ঠেকাতে নিবন্ধন প্রক্রিয়া আরও কঠোর করার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন উঠছে।




