চার ঘণ্টার দীর্ঘ বৈঠকেও দৃশ্যমান কোনো অগ্রগতি নেই—জাতীয় দলের কোচ নিয়োগ থেকে বাজেট অনুমোদন, একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে সিদ্ধান্তহীনতায় সভা মুলতবি করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
রোববার অনুষ্ঠিত বাফুফে নির্বাহী কমিটির ষষ্ঠ নিয়মিত সভা চলে চার ঘণ্টার বেশি সময় ধরে। ১৯টি এজেন্ডা থাকলেও আলোচনা হয়েছে মাত্র ১০টি। ফলে জাতীয় দলের নতুন কোচ নিয়োগের মতো গুরুত্বপূর্ণ বিষয় আলোচনাতেই আসেনি।
জাতীয় দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের কাবরেরার চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর নতুন কোচ খোঁজার প্রক্রিয়া শুরু করেছে বাফুফে। তবে সভার ১১ নম্বর এজেন্ডায় থাকা এই বিষয়টি নিয়ে কোনো আলোচনা না হওয়ায় বিষয়টি এখনো অনিশ্চিত রয়ে গেছে। সভা শেষে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু জানান, “জাতীয় দল কমিটির সুপারিশ পাওয়ার পরই কোচ নিয়োগের বিষয়টি চূড়ান্ত আলোচনায় আসবে।”
সভায় সবচেয়ে বেশি সময় ব্যয় হয়েছে ২০২৫ ও ২০২৬ সালের বাজেট নিয়ে। দুই ঘণ্টার বেশি আলোচনা হলেও কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি নির্বাহী কমিটি। বাজেট আরও পর্যালোচনার প্রয়োজন উল্লেখ করে এটি অনুমোদন না দিয়ে ভবিষ্যতে জরুরি সভা ডাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ২২ মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে, যদিও ভেন্যু এখনো নির্ধারিত হয়নি।
আগামী মৌসুমে পাঁচটি প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনার বিষয়টিও আলোচনায় এসেছে। যদিও আগের মৌসুমেও এমন ঘোষণা বাস্তবায়ন হয়নি। এ বিষয়ে সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান আশা প্রকাশ করে বলেন, “নির্ধারিত ক্যালেন্ডার অনুযায়ী প্রতিযোগিতাগুলো আয়োজন করা সম্ভব হবে।”
এদিকে, সম্প্রতি ফুটবলারদের সার্ক কোটা বাতিলের দাবিও সভায় উত্থাপিত হয়েছে। তবে এ নিয়েও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিষয়টি নিয়ে আরও বিস্তারিত আলোচনা এবং খেলোয়াড়দের সঙ্গে কথা বলার কথা জানিয়েছে বাফুফে।
এছাড়া মেয়াদোত্তীর্ণ বিভিন্ন স্ট্যান্ডিং কমিটি পুনর্গঠন নিয়েও আলোচনা হয়েছে। সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি জানান, “এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে এবং শিগগিরই কমিটি পুনর্গঠন করা হবে।”
সভা শেষে ব্রিফিংয়ে একাধিক কর্মকর্তা বক্তব্য দিলেও আলোচনার চেয়ে বিভ্রান্তিই বেশি তৈরি হয়েছে। ভুল উচ্চারণ ও তথ্যগত অসঙ্গতির কারণে প্রশ্ন উঠেছে বাফুফের যোগাযোগ দক্ষতা নিয়েও।




